ওয়াশিংটন 'জাহান্মামে যাও': হুগো শাভেজ
ডিক্রি জারির মাধ্যমে দেশ শাসনে বিশেষ ক্ষমতা ব্যবহারের সিদ্ধান্তের মার্কিন সমালোচনার কড়া জবাব দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।
রোববার সাপ্তাহিক ভাষণে শাভেজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ‘বাচ্চা মেয়ে’, ‘ওয়াশিংটন জাহান্নামে যাও’- এ ধরনের মন্তব্য ছুঁড়ে দেন।
ডিক্রির মাধ্যমে হুগো শাভেজের দেশ শাসন প্রক্রিয়া ‘গণতন্ত্রের জন্য অশোভন’- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের এক মুখপাত্র শুক্রবার এ ধরনের মন্তব্য করার পর শাভেজ তার তীব্র সমালোচনা করেন।
শ্যাভেজ তার ভাষণে বলেন, “এটা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় এবং বিধিসঙ্গত ক্ষমতা। বিদেশীরা, জাহান্মামে যাও তোমরা! বাড়ি ফিরে যাও। আমরা এখানে স্বাধীন এবং ভবিষ্যতে আরো স্বাধীনতার চর্চা করবো।”
লাতিন আমেরিকার জন্য হুগো শাভেজ এক ‘অশুভ শক্তি’- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের এ মন্তব্যের জবাবে শাভেজ বলেন, “কন্ডোলিৎসা, তুমি কেমন আছ? আমাকে ভুলে গেছ তুমি, বাচ্চা মেয়ে...”
এর আগে শাভেজ জাতিসংঘে দেওয়া এক ভাষণে মার্কিন প্রসিডেন্ট জর্জ বুশকে ‘শয়তান’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
ভেনেজুয়েলার আইনসভায় এ সপ্তাহের মধ্যেই বিশেষ ক্ষমতা ব্যবহার সংক্রান্ত আইনটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ১৮ মাস বিশেষ ব্যবস্থায় দেশ পরিচালনা করতে পারবেন শাভেজ।
ডিসেম্বরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শাভেজ প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন।
বিশেষ ক্ষমতা ব্যবহার করে শাভেজ কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্বশাসনের অধিকার রদ, জাতীয় পুলিশ বাহিনী গঠন এবং দেশের তেল শিল্প ও অর্থনীতির ওপর সরকারি নিয়ন্ত্রণ আরো জোরদার করতে চান।
এছাড়া দুবারের বেশি প্রেসিডেন্ট পদে না থাকা সংক্রান্ত আইনেও পরিবর্তন আনতে ১৯৯৯ সালে পুনর্লিখিত সংবিধান আবারো বদলাতে চান তিনি।
