নাইরোবিতে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের সম্মেলন শুরু
পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় দারিদ্র, অন্যায্য বাণিজ্য, ঋণ এবং বিশ্বব্যাপী সংঘাতের বিরুদ্ধে বিশ্বের সাধারণ মানুষদের বক্তব্য তুলে ধরতে নাইরোবিতে সপ্তম বার্ষিক ‘ওয়ার্ল্ড স্যোশাল ফোরাম’ সম্মেলন শুরু হয়েছে রোববার। আফ্রিকার নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু ও ওয়াংগারি মাথাইসহ বহু নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন এ সম্মেলনে। সুইজারল্যান্ডের দাভোসে উন্নত বিশ্বের সরকার ও ব্যবসায়ী নেতাদের বার্ষিক সম্মেলনের প্রতিবাদের অংশ হিসেবে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
“দাসপ্রথা আর উপনিবেশবাদের সময় থেকে শুরু হয়ে যে সমস্যাগুলো আজও আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে এবং প্রতিকারের উপায় নিয়ে কথা বলতে এখানে জড়ো হয়েছি আমরা।” সম্মেলন শুরুর আগে উদ্বোধনী ভাষণে জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট কেনেথ কুয়ান্ডা একথা বলেন। এরপর নাইরোবির উহুরু পাকের্র (স্বাধীনতা পার্ক) দিকে বিশাল পদযাত্রা শুরু করেন প্রতিবাদকর্মীরা।
আদিবাসী ঐতিহ্যের রঙ বেরঙের পোশাক পরিহিত স্থানীয় মানুষ, উটের পিঠে চড়া আসা বেদুঈন, গিটার হাতে ইউরোপীয় তরুণ তরুণী, শত শত আফ্রিকান ভবঘুরে, কেনিয়ার দরিদ্র বস্তিবাসী, সবার সম্মিলিত নাচ গানে ড্রামসের শব্দে আর হাজারো কন্ঠের শ্লোগানে শ্লোগানে বিরাট কার্নিভালের রূপ নেয় সোশ্যাল ফোরামের এ পদযাত্রা। আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা বর্ণের নানা ভাষার প্রায় ১০,০০০ মানুষ যোগ দেন এ সম্মেলনে।
কেনিয়ায় পানীয় জলের অভাবে মানুষের নিদারুণ কষ্টের প্রতীক হিসেবে মাথায় খালি কলস নিয়ে পদযাত্রায় যোগ দেন শত শত স্থানীয় নারী।
“আমরা সমতা ও ন্যয়বিচার চাই” ব্যানার হাতে মিছিলে যোগ দিয়েছেন মিউনিখ থেকে আসা ১৫ তরুণ,তরুণীর একটি দল।
সুইডেনের ব্রিজিত ভলব্রেশ্ট সারারাত জেগে যে ব্যানারটি লিখেছেন তাতে লেখা ছিল “আমরা সবাই একই নৌকায় সওয়ার হয়েছি”। ব্রিজিত জানালেন বিশ্ব দারিদ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই নাইরোবিতে ছুটে এসেছেন তিনি।
উগান্ডায় কর্মরত ২০ বছর বয়সী জার্মান স্বেচ্ছাসেবক থমাস কাসধা’র হাতের প্ল্যাকার্ডটিতে লেখা, “বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী বুশ”। বুশের ছবি সম্বলিত আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “বুশ এ পৃথিবীর উদ্ধারকর্তা নয়”।
ড্যানিশ ভাস্কর জেনস গ্যালশিয়টের ‘অন্তস্বত্বা নারী’ নামক ব্রোঞ্জ ভাস্কর্য নিয়ে র্যালিতে যোগ দেন এক যুবক। তার ভাষায় ‘ক্যাথলিক চার্চের জন্মনিয়ন্ত্রণ বিরোধী অবস্থানের’ বিরুদ্ধে প্রতিবাদ এটি।
২০০১ সালে ব্রাজিলের পোর্টো এলেগ্রেতে শুরু হয়েছিল ‘ডাব্লিইএসএফ’ বা ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের সম্মেলন। এরপর থেকে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
