২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'একটি কেন, ১০টি নিষেধাজ্ঞায়ও ইরানের কিছু হবে না'

জাতিসংঘ নিষেধাজ্ঞা ইরানের পরমাণু কর্মসূচিতে কোনোই প্রভাব ফেলবে না। এ কথা আবারো সাফ জানিয়ে দিলেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রোববার ইরানের পার্লামেন্ট ভাষণে তিনি বলেন, “একটি কেন, ১০টি নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করলেও ইরানের কিছু যাবে -- আসবে না।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 05:39 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

পরমাণু ইস্যুতে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের এ ধরনের হুমকির পরপরই ইরানি প্রেসিডেন্ট এ বক্তব্য দিলেন।  

আহমাদিনেজাদ বলেন, “জাতিসংঘ নিষেধাজ্ঞা একটি জন্মেই মারা গেছে। তা আর কোনো কাজে আসবে না। এ দিয়ে ইরানকে দাবিয়ে রাখা কিংবা তার অর্থনীতিতে প্রভাবিত করা যাবে না।”

জাতিসংঘ নিষেধাজ্ঞার পর স্বদেশে সমালোচনার মুখে পড়েন কট্টরপন্থী নেতা আহমাদিনেজাদ। এর প্রভাবে গত মাসে স্থানীয় পরিষদ নির্বাচনেও প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি তার দল।

নিজের নীতির সপক্ষে পার্লামেন্টে আহমাদিনেজাদ বলেন, “পরাশক্তিগুলোর সহায়তা ছাড়াই আমরা পরমাণু শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত হয়েছি। এটা জাতির এক বড় অর্জন।”

পশ্চিমা দেশগুলোর বক্তব্যের বিরোধিতা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, “তারা আমাদের ভয় দেখাতে চায়, নিষেধাজ্ঞার মুখে তোমরা টিকতে পারবে না। এটা একটা ভুয়া কথা।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস জার্মান সাময়িকী ‘দার স্পেইগেল’কে রোববার বলেন, “ইরানের সাথে ব্যবসা করার সময় সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি ব্যবসায়ী মহলের মাথায় রাখা উচিত। কেননা ইরানের ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ফলে এদের সঙ্গে লেনদেন হবে বেশ ঝুঁকিপূর্ণ।”