২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ২৪ ঘন্টায় ২০ মার্কিন সেনা নিহত

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য একটি দুর্বিষহ দিন ছিল শনিবার। এক দিনেই নিহত হন ২০ মার্কিন সেনা। এদিকে রোববারই অতিরিক্ত ৩ হাজার ২ শ’ মার্কিন সৈন্য ইরাক পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 04:22 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বাগদাদের উত্তর-পূর্বে যৌথবাহিনীর একটি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা ও ক্রুসহ ১৩ জন নিহত হন। গেরিলাদের রকেট হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে ।

কারবালায় গেরিলাদের সাথে সংঘর্ষে প্রাণ হারান আরো পাঁচ মার্কিন সেনা। আহত হন তিনজন। ওই সংঘর্ষ ছিল গত দুই বছরের মধ্যে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর জন্য সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা।

মার্কিন বাহিনী জানায়, শনিবার গেরিলারা যৌথবাহিনীর প্রাদেশিক নিয়ন্ত্রণ কেন্দ্রে গ্রেনেড ও হালকা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। ওই সময় সংঘর্ষে নিহত হন পাঁচ সেনা।

গেরিলাদের পরিচয় সম্পর্কে মার্কিন বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।  

এছাড়া পৃথক ঘটনায় আরো দুই সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মার্কিন বাহিনী আরো জানিয়েছে, প্রেসিডেন্ট বুশের নতুন ইরাক নীতির অংশ হিসেবে রোববার নতুন একটি সৈন্যদল বাগদাদ পৌঁছেছে। এ দলে সদস্য সংখ্যা ৩ হাজার ২ শ’। বাগদাদে মোট ১৭ হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে।

রোববারও বাগদাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রস্থলে একটি বাসে বোমা বিস্ফোরণে ছয় ইরাকি এবং গাড়িবোমা বিস্ফোরণে আরো একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বসরায় রাস্তার পাশে পুঁেত রাখা বোমা বিস্ফোরণে একজন ব্রিটিশ সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছেন।