উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য ঠেকাতে কঠোর আইন করছে জাপান
উত্তর কোরিয়ার সঙ্গে অবৈধ বাণিজ্য ঠেকাতে শুল্ক আইন কঠোর করার পরিকল্পনা করেছে জাপান। সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা কিয়োদো রোববার এ খবর জানায়।
বার্তা সংস্থার খবরে বলা হয়, সরকার শুল্ক সংক্রান্ত আইনটি নতুন করে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রয়োজনীয় সংস্কার এনে আইনভঙ্গকারীর কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র তৈরিতে সহায়ক যন্ত্রপাতি ও প্রযৃুক্তি রপ্তানির ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
জাপানি পার্লামেন্টের আগামী বৃহস্পতিবার শুরু হওয়া অধিবেশনেই প্রস্তাবিত আইনটি উঠবে বলে জানানো হয়েছে।
সংস্থাটি আরো জানায়, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকরেও উদ্যোগ নেবে জাপান।
তবে এ সম্পর্কে সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
