২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর আরো নিষেধাজ্ঞার হুঁশিয়ারি রাইসের

ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বার্লিনে জার্মান সাময়িকী ‘দার স্পেইগেল’ এ রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি। রাইস বলেন, “ইরানের সাথে ব্যবসা করার সময় ঝুঁকি এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি ব্যবসায়ী মহলের মাথায় রাখা উচিত।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি মনে করি জনগণের উচিত পরবর্তী নিষেধাজ্ঞাগুলোর ঝুঁকি সম্পর্কে চিন্তা ভাবনা করা। ইরানের ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ফলে এদের সঙ্গে লেনদেন হবে বেশ ঝুঁকিপূর্ণ।”

ইরানের রাষ্ট্রীয় ব্যাংক ‘সেপাহ’কে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র বিস্তারে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে এর সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।

২০০৬ সালের ২৩ ডিসেম্বর ইরানের ওপর বেশ কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। সে অনুযায়ী পরমাণু সংক্রান্ত যে কোনো প্রযুক্তি ইরানকে হস্তান্তর করা যাবে না। পাশাপাশি দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করার অধিকারও দেওয়া হয়। পরমাণু কর্মসূচি বন্ধে দেশটিকে ৬০ দিন সময় বেঁধে দেয় জাতিসংঘ।

৬০ দিনের মধ্যে তেহরান পরমাণু কর্মসূচি বন্ধ না করলে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে-  এ প্রশ্নের উত্তরে কন্ডোলিৎসা রাইস বলেন, “সহযোগী অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

একইসঙ্গে ইরাকি বিদ্রোহীদের অর্থ ও বোমা দিয়ে সহায়তার জন্যও ইরানকে অভিযুক্ত করেন রাইস। তিনি আবারো জানান, ইরাক পরিস্থিতি নিয়ে ইরান কিংবা সিরিয়ার সঙ্গে ওয়াশিংটনের আলোচনার কোনো পরিকল্পনা নেই। তবে দেশ দুটি যদি আন্তরিকভাবেই স্থিতিশীল ইরাক চায়, তারা সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।