'গুয়ানতানামো বন্দিশালা ন্যূনতম ব্রিটিশ মান বজায় রাখতে ব্যর্থ '
বন্দিদের সঙ্গে আচরণের ক্ষেত্রে নুন্যতম ব্রিটিশ মান বজায় রাখতেও ব্যর্থ যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বন্দিশালা। কিউবায় মার্কিন সামরিক কারাগার পরিদর্শনের পর ব্রিটিশ আইনপ্রণেতারা রোববার এ মন্তব্য করেছেন।
গুয়ানতানামো সফরকারী ব্রিটিশ এমপিদের দলটি মনে করে ওয়াশিংটনের প্রতি ‘কারাবন্দিদের অধিকার লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন’ সংক্রান্ত অভিযোগ উত্থাপন করা উচিৎ লন্ডনের।
ওই কারাগারে আটক বন্দিসহ বন্দিদের আইনজীবী এবং বর্হিবিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী প্রচার ও সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গেও অসদাচারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে ব্রিটিশ এমপিদের প্রতিবেদনে। গত সেপ্টেম্বরে কারাগারটি পরিদর্শনের পর রোববার এ প্রতিবেদন প্রকাশ করেন তারা।
সরকারি ও বিরোধীদলের সমন্বয়ে গঠিত আইনপ্রণেতাদের ওই কমিটি থেকে বলা হয়, গুয়ানতানামো বে-বন্দিশালায় আটক সন্দেহভাজনদের জন্য ‘বন্দি নিয়ন্ত্রণে মার্কিন সামরিক কমিশন অ্যাক্ট-এর আওতায় প্রবর্তিত নতুন আইনটি’ আরো উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাজ্য সরকারের কাছে ওই আইনটি বিশদভাবে পর্যালোচনা করে দেখার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র বিষয়ক ব্রিটিশ এমপিদের দলটি।
প্রতিবেদনের উদ্দেশ্য সম্পর্কে আইনপ্রণেতারা জানান,“এ বন্দীশিবিরে আগেও বহু বন্দীকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। তবে আমাদের লক্ষ্য, যাতে এরকম ঘটনা আর না ঘটে সে বিষয়ে কিছু করা”।
