তুরস্কে রান্ত ডিঙ্কের সন্দেহভাজন খুনী গ্রেফতার
তুরস্কের জনপ্রিয় আগোস পত্রিকার আর্মেনীয় বংশোদ্ভুত সম্পাদক রান্ত ডিঙ্কের সন্দেহভাজন খুনীকে শনিবার আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তাইপ এরদোগান এক সংবাদ সম্মেলনে একথা জানান।
খুনী সন্দেহে আটক ১৭ বছর বয়সী ওই তরুণের নাম ওগুন সামসাত। টিভিতে প্রচারিত সন্দেহভাজন খুনীর ছবি দেখে সামসাতের বাবা নিজের ছেলেকে সনাক্ত করেন এবং পুলিশকে ফোন করে তা জানান। পরে কৃষ্ণ সাগরের উপকূলীয় এলাকা থেকে অপর ছয় ব্যাক্তিসহ সামসাতকে গ্রেপ্তার করা হয়। আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসতাম্বুলে নিয়ে আসা হচ্ছে। ইস্তাম্বুলের গভর্নর মুয়ামার গুলার এসব কথা জানান।
এত অল্প সময়ের মধ্যে সন্দেভাজন হত্যাকারীকে আটক করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এরদোগান বলেন, কোন সংগঠনের সঙ্গে ওগুনের সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে কিছু বলার সময় এখনও আসেনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তুরস্কের শাসকরা আর্মেনীয় বংশোদ্ভুতদের ওপর বর্বর গণহত্যা চালায়। এ বিষয়ে প্রবন্ধ লেখার পর ডিঙ্ক জাতীয়তাবাদীদের রোষানলে পড়েন। এর প্রেক্ষিতে তাকে কয়েকবার হুমকিও দেওয়া হয়। তবে সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় বিভিন্ন সংবাদপত্র সরকারের সমালোচনা করেছে। এছাড়া ‘তুরস্কের আত্মপরিচয়কে অপমান’ করার অভিযোগে ২০০৫ সালে ডিঙ্ককে ছয় মাসের জন্য কারাদন্ডও দেওয়া হয়।
এদিকে তুরস্কের সাথে কোনপ্রকার কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আর্মেনিয়া এ ঘটনায় শোক প্রকাশ করে খুনীকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছে।
প্রসঙ্গত তুরস্কের আগোস সংবাদপত্রের সম্পাদক ডিঙ্ককে শুক্রবার তার কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়।
