২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের মাঠে নেমে পড়লেন হিলারি

“আমিও আছি”- এ ঘোষণা দিয়েই যুক্তরাষ্ট্রের নির্বাচনী ময়দানে নেমে পড়লেন সিনেটর হিলারি ক্লিনটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়নের দৌড়ে শামিল হওয়ার কথা শনিবার আনুষ্ঠানিকভাবে নিজের ওয়েবসাইটে জানিয়েছেন তিনি।

প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে একটি যাচাই বাছাই কমিটি করারও ঘোষণা দেন ডেমোক্রেট দলের এ সিনেটর।

ওয়েবসাইটে এক ভিডিওটেপে হিলারি বলেন, “এখুনি প্রচারে নামছি না আমি। এর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনা দরকার। এ জন্য একটি যাচাই বাছাই কমিটি করতে যাচ্ছি আমি। আমি বিশ্বাস করি, সবার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।”

সাবেক ফার্স্টলেডির সংক্ষিপ্ত ওই বক্তব্যে যুক্তরাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্যসহ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে এসেছে ইরাক প্রসঙ্গও।

ডেমোক্রেটদের হয়ে দুবার সিনেট নির্বাচনে বিজয়ী হিলারি বলেন, “জর্জ বুশের শাসনামলের ছয় বছর পর এখন আমেরিকানদের নতুন দৃষ্টিভঙ্গী নিয়ে ভাবতে হবে। সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণœ রেখে কীভাবে ইরাক সমস্যার সমাধান করা যায় তাতেই এখন জোর দেওয়া উচিত।”