কূটনীতিবিদ আটকের ঘটনায় জাতিসংঘে ইরানের অভিযোগ
ইরাকে পাঁচ কূটনীতিবিদ আটকের ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ইরান।
শনিবার সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানায়।
গত ১১ জানুয়ারি ইরাকের আরবিল শহরে ইরানি কনস্যুলেট অফিসে অভিযান চালিয়ে মার্কিন সেনারা ওই কূটনীতিবিদদের আটক করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আটককৃতরা ইরাকি গেরিলাদের মদদ যুগিয়ে আসছিল।
ইরান টেলিভিশন জানায়, ওই ঘটনায় তেহরান জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে। বান কি মুনকে লেখা ওই চিঠিতে কূটনীতিবিদ আটকের ঘটনাকে অবৈধ উল্লেখ করে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে অবিলম্বে কূটনীতিবিদদের মুক্তির দাবিও জানায় তেহরান।
এদিকে ইরাকে ইরানি রাষ্ট্রদূত হাসান কাজেমির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, আটক কূটনীতিবিদদের এ সপ্তাহের মধ্যেই মুক্তি দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে ইরাক সরকার।
ইরাকে সহিংসতায় মদদ দেওয়ার জন্য ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তবে সে অভিযোগ অস্বীকার করছে তেহরান। এ মাসের শুরুতেও ইরাকে আরো এক ইরানি কূটনীতিবিদকে আটক করে মার্কিন সেনারা। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
