২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন থাকসিন

ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা দেশটির রাজার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে থাকসিন জাতীয় ঐক্যের স্বার্থে রাজাকে অতীতের কথা ভুলে

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

যাওয়ার আবেদন জানান।

চ্যানেলটি শনিবার ওই সাক্ষাতকার প্রচার করে।

সাক্ষাতকারে থাকসিন বলেন, “থাইল্যান্ডের রাজার এবং দেশের ও জনগণের ক্ষমার সংস্কৃতি রয়েছে। সে অনুযায়ী ক্ষমা পাবো বলে আমি বিশ্বাস করি।”

 “আমি সত্যিই দেখতে চাই যে জনগণ আমাকে ক্ষমা করেছেন। এখন জাতীয় ঐক্যের সময় এবং এটা শিগগিরই ঘটতে পারে।”

তবে তিনি এখুনি দেশে ফিরতে চান না বলে থাকসিন জানান। তিনি বলেন, “আমি চাই দেশের সেনা সরকার জাতীয় ঐক্য রক্ষায় সহায়তা করুক।”

সিঙ্গাপুরে নেওয়া ওই সাক্ষাতকারটি অবশ্য থাই সরকার প্রচার করতে দেয়নি।

এ প্রসঙ্গে দেশটির সেনাপ্রধান সন্থি বুনিয়ারাতগ্লিন বলেন, ‘তাদের কাছ থেকে সহায়তার অনুরোধ’ পাওয়ায় কেবল অপারেটর ইউবিসি থাকসিনের সাক্ষাৎকার প্রচার বন্ধ রাখে।

উল্লেখ্য, সন্থির নেতৃত্বে গত বছর ১৯ সেপ্টেম্বর থাই সেনাবাহিনী এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে থাকসিনকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে থাকসিন নির্বাসনে আছেন।

সেনাবাহিনী তখন তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সীমাহীন দুর্নীতির অভিযোগ এনেছিল। তারা আরো জানায়, থাকসিনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সম্ভাব্য রক্তপাত ঠেকাতে তারা অভ্যুত্থান করতে বাধ্য হয়েছিল। 

জাতীয় নিরাপত্তা রক্ষায় গঠিত পরিষদ (কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি) হিসেবে নিজেদের পরিচয় দানকারী অভ্যুত্থানকারীরা পরে থাকসিন, তার সরকারের কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে।

থাকসিন ওই সাক্ষাতকারে বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় তিনি এখুনি দেশে ফিরতে চান না। তবে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করতে তিনি দেশে ফিরতে চান বলেও জানান থাকসিন।

 “আমাকে সাক্ষ্য দিতে যদি দেশে যেতে হয়, তবে আমি যাব। কিন্তু এখুনি যে কারণে যেতে চাইছি না তা হলো, আমি চাই দেশ ঐক্যবদ্ধ হোক। আমি চাই প্রশাসন এ কাজটা করুক। আমি চাই দেশকে এগিয়ে নিতে প্রত্যেকেই ঐক্যবদ্ধ হবেন।”

এদিকে দেশটির প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্ত শনিবার বলেন, নির্বাসিত থাকসিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হতে পারে। এর আগে তার সরকার ও অভ্যুত্থানকারীরা থাকসিনকে দেশের বাইরেই থাকার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছিল।

থাই টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে চুলানন্ত বলেন, থাকসিন যদি ফিরতে চান তবে আমরা আলোচনা করে দেখতে পারি ফেরার পর তিনি কী করতে চান।”

তাকে দেশে ফিরতে দিলে তিনি আর রাজনীতি না করে পরিবারের সঙ্গে এবং শিক্ষকতা ও সমাজসেবা করে কাটাবেন বলে এর আগে থাকসিন জানিয়েছিলেন।

তবে দেশে ফিরতে না পারলে তিনি লন্ডনে একটি বাড়ি কিনবেন এবং বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করবেন বলে তিনি জানান। লন্ডনে ইতোমধ্যে তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।