২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক হামলায় সেনা কর্মকর্তারাও জড়িত থাকতে পারেন: থাই প্রধানমন্ত্রী

নববর্ষের প্রাক্কালে ব্যাংককে যে বোমা হামলা হয় তাতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তাও জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্ত। শনিবার তিনি এ সন্দেহের কথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

থাই প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “পুলিশ ওই হামলায় জড়িতদের গ্রেফতারে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজনের সংখ্যা ১০ জনের বেশি।  কয়েকজনকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”

বোমা হামলায় জড়িত কর্মকর্তাদের পরিচয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চুলানন্ত বলেন, “তারা পুলিশও হতে পারেন, আবার সেনা কর্মকর্তাও হতে পারেন। তবে এ ব্যাপারে এ মুহূর্তে আমি কিছুই বলবো না। কারণ, তারা এখনো সন্দেহের তালিকায় রয়েছেন। তাদের জড়িত থাকার নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।”  

হামলাকারীদের ধরতে ব্যাংককের অন্তত ১৮টি স্থানে পুলিশি অভিযানের খবর স্থানীয় পত্র--পত্রিকায় প্রকাশ হওয়ার পরই চুলানন্ত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

গত ৩১ ডিসেম্বর রাতে ব্যাংককে বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এতে নিহত হয় তিনজন।

হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও এর জন্য সেনা অভ্যুত্থানে উৎখাত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা সমর্থকদেরই দায়ী করা হচ্ছে।