মাওবাদীদের গুলিতে নেপালে বালক নিহত
নেপালের শনিবার বিক্ষোভকারীদের ওপর এক মাওবাদীর গুলিবর্ষণে ১৬ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। নেপালের কর্মকর্তারা জানান, রাজধানী কাঠমান্ডুর ৮০ মাইল দক্ষিণ--পূর্বাঞ্চলীয় লহন জেলার সমতল ভূমির অধিবাসীরা অন্তর্বর্তী সংবিধানের বিরোধিতা জানিয়ে বিক্ষোভ করার সময় এ ঘটনা ঘটে।
অন্তর্বর্তী সংবিধান তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে সামান্যই ভূমিকা রাখবে অভিযোগ করে স্থানীয় একটি সংগঠন ওই এলাকায় হরতাল পালন করছিল।
লহনের জেলা কর্মকর্তা চিরঞ্জীবী অধিকারী জানান, মাওবাদীদের এক কর্মী বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বালকটি নিহত হয়।
এ ঘটনার পর বিক্ষোভকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
পরিস্থিতি সামলাতে সরকার সেখানে সান্ধ্য আইন জারি করেছে।
তবে অধিকারী জানান, ওই এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং নতুন করে সহিংসতার খবর পাওয়া যায়নি।
