শ্রীলঙ্কায় বিদ্রোহীদের খোঁজে সেনাবাহিনীর অভিযান চলছে
কয়েক সপ্তাহের তুমুল সংঘর্ষের পর শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণাধীন পূর্বাঞ্চলীয় শক্ত ঘাঁটি ভাকারাই থেকে পিছু হটায় সেখানে সেনারা ব্যাপক অভিযান শুরু করেছে।
সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কায় ওই এলাকার হাজার হাজার মানুষ ইতোমধ্যে শরণার্থী শিবিরগুলোতে ভিড় জমিয়েছেন।
শুক্রবার সরকারি সেনারা তামিল বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ভাকারাই দখল করে নেয়। তামিল বিদ্রোহীরা ওই অঞ্চলের যে কয়েকটি এলাকা নিজেদের দখলে রেখেছে তার মধ্যে ভাকারাই ছিল একটি।
রাজধানী কলম্বো থেকে দেড়শ মাইল দূরে অবস্থিত ভাকারাই ২০০২ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বিদ্রোহীদের দখলে ছিল।
বিদ্রোহীরা পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি জেলার সমুদ্র সংলগ্ন একটি এলাকায় আত্মগোপন করে আছে বলে জানা গেছে। বিদ্রোহীদের খোঁজে ওই এলাকায় অভিযান চালাচ্ছে সরকারি সেনারা।
এ প্রসঙ্গে শ্রীলঙ্কার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সমরাসিংহে বলেন, “তামিল বিদ্রোহীরা ছোট ছোট দলে ভাগ হয়ে যুদ্ধ করছে। তাদের কাছে আছে মর্টার ও হালকা আগ্নেয়াস্ত্র। আমরা তাদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছে। শরণার্থীদের মাঝে কোনো তামিল বিদ্রোহী লুকিয়ে আছে কিনা তা আমরা খুঁজে দেখছি।”
শরণার্থী হিসেবে শিবিরে আসা ১০ জন তরুণ বিদ্রোহী ইতোমধ্যে আত্মসমর্পণ করেছে এবং আরেকজনকে বিদ্রোহী সন্দেহে আটক করা হয়েছে। তবে তার সঙ্গে আসা মা--বাবার দাবি, সে বিদ্রোহী দলের সদস্য নয়।
এ সম্পর্কে তামিল বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এর আগে তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা পূর্বাঞ্চলে নিজেদের অবস্থান সংহত করছে।
তারা অভিযোগ করে, সেনারা শরণার্থীদের কাছে মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে এবং তাদের মাঝে রেখে যুদ্ধ চালিয়ে যাওয়ায় মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে।
