২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতায় ভারত--পাকিস্তান!

পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতায় আবারো শামিল হয়েছে ভারত ও পাকিস্তান। উপগ্রহ চিত্রে এ রকম ইঙ্গিতই মিলেছে বলে জানিয়েছে অস্ট্রিয়াভিত্তিক অস্ত্রবিস্তার রোধ বিষয়ক আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস)। প্রতিষ্ঠানটি জানায়, পাকিস্তান তাদের চাশমা নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন একটি পরমাণু চুল্লি বসিয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

অন্যদিকে দেখা গেছে, ভারতও তাদের বিরল ধাতু প্রক্রিয়াকরণ প্রকল্পে তিন হাজার সেন্ট্রিফিউজ সচল করেছে।

তবে এ বিষয়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আইএসআইএস জানায়, পাকিস্তান সম্ভবত অস্ত্র তৈরির জন্য প্লুটোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে। অপরদিকে ভারত চালাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। দুই দেশের হঠাৎ এ সক্রিয়তায় এ ধারণাই স্পষ্ট যে তারা পরমাণু অস্ত্র বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে।

যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি ভারতে বেসামরিক খাতে পরমাণু প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি অনুমোদন করে। একই ধরনের চুক্তি চেয়েও ব্যর্থ হয়ে চীনের দিকে মুখ ফেরায় পাকিস্তান।

বেসামরিক খাতে ব্যবহারের জন্য সরবরাহকৃত প্রযুক্তি যেন সামরিক খাতে ব্যবহার না হয় সে ব্যাপারে সরবরাহকারী দেশেরও দৃষ্টি রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে আইএসআইএস।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান কোনো দেশই পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। দীর্ঘকাল বৈরিতা বিরাজ করলেও আপাতদৃষ্টিতে ইদানিং তাদের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো।