'ইরানে বড় ধরনের অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের'
ইরানে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এক বিশ্লেষক ওয়েন হোয়াইট শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
সাবেক মধ্যপ্রাচ্য বিশ্লেষক হোয়াইট ২০০৫ সালের মার্চ মাস পর্যন্ত ওই দপ্তরের গোয়েন্দা ও তথ্য বিশ্লেষণ ব্যুরোর (ব্যুরো অফ ইন্টালিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস) শীর্ষ পর্যায়ে কর্মরত ছিলেন।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্য নীতিনির্ধারণী পরিষদের (মিডলইস্ট পলিসি কাউন্সিল) ইরান হামলা সংক্রান্ত পরিকল্পনার বেশ কিছু নথিপত্র দেখেছি। তাতে ইরানের ওপর বড় ধরনের হামলার কথাই রয়েছে।”
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্য নীতিনির্ধারণী পরিষদ ওয়াশিংটনের নীতি নির্ধারণ বিষয়ক একটি প্রভাবশালী পরামর্শদাতা প্রতিষ্ঠান।
হোয়াইট বলেন, “ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়টি নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। যদি সেটা হয় তাহলে ইরানও ছেড়ে দেবে না। ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।”
প্রেসিডেন্ট জর্জ বুশ অবশ্য ইরানের পরমাণু সঙ্কটের কূটনৈতিক সমাধানই চান বলে জানিয়েছেন। তবে বিকল্প হিসেবে সরাসরি সেনা অভিযানের সম্ভাবনাও বাতিল করে দেননি তিনি।
মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রসহ ওই অঞ্চলে তার মিত্র দেশগুলোর উদ্বেগ দিন দিন বাড়ছেই।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ কেনেথ কজম্যান বলেন, “ইরান যে পথে হাঁটছে তাতে তাকে সামলে রাখা খুব কঠিন নয়, যদি না তার সার্বিক অবস্থা সম্পর্কে যথার্থ ধারণা কারো থাকে।”
“ইরান এখন পরাশক্তি হিসেবে নিজেকে দেখতে চাইছে। অনেক বিশেষজ্ঞদের তারা সেটা বোঝাতেও সক্ষম হয়েছে। তবে এটা দেখতে হবে যে দেশটির অর্থনীতি মোটেই সুগঠিত নয়। বরং অনেকটাই প্রাচীন ধরনের। তেল ছাড়া রফতানিযোগ্য তেমন কোনো পণ্যও দেশটির নেই।”
কজম্যান আরো বলেন, “ইরানের তেল উৎপাদনও কমে আসছে। আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দেওয়ার কোনো অবস্থাই দেশটির নেই। বরং হম্বিতম্বি করে ধোঁকাই দিচ্ছে দেশটি।”
সঙ্কট নিরসনে আলোচনা চালিয়ে যাওয়াই মঙ্গল বলে মন্তব্য করেন তিনি।
