ইহুদি হত্যাযজ্ঞ সম্পর্কে অজ্ঞ এক--চতুর্থাংশ ব্রিটিশ তরুণ
ব্রিটেনের যুব সম্প্রদায়ের এক--চতুর্থাংশেরও বেশি জানেনই না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি হত্যাযজ্ঞ ঘটেছিল।
‘হলোকস্ট মেমোরিয়াল ডে’ কে সামনে রেখে দি জিউইশ ক্রনিকল এক জরিপ চালিয়ে শুক্রবার এ কথা জানায়। আর এতে করে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন ইহুদি নেতারা।
ব্রিটেনের ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ওপর পরিচালিত এ জরিপে দেখা যায় এদের মধ্যে ২৮ শতাংশই এ ব্যাপারে কিছু জানে না।
১৯৪৫ সালের ২৭ শে জানুয়ারি পোল্যান্ডের আউসউইৎস কনসেনট্রেশন ক্যাম্পে রাশিয়া আক্রমণ করে। আর তাই এ দিনকে হলোকস্ট মেমোরিয়াল ডে পালনের জন্য ব্রিটেন সরকারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এ জরিপের প্রতি চারজনের একজন।
একই সঙ্গে এ জরিপের ১৬ শতাংশ জানিয়েছে, এ হত্যাযজ্ঞের কথা ভুলে যাওয়া ব্রিটেনের জন্য বড় ধরনের অপরাধ বলে বিবেচিত হওয়া উচিত।
এদিকে আউসউইৎস কনসেনট্রেশন ক্যাম্পের পরিদর্শক ফ্রেডল নলার বলেন, “আমরা এমন দেশে বাস করছি যেখানে বাক স্বাধীনতা রয়েছে এবং আমি চাই না এর পরিবর্তন ঘটুক।”
হলোকস্টকে অবহেলা করার যে প্রবণতা প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছে তাকে ‘ভীতিকর’ উল্লেখ করে তিনি আরো বলেন, “আমি স্কুলে পড়াই, সেখানে আমার ছাত্রদের অধিকাংশই হল শিশু। কিন্তু এখন মনে হচ্ছে প্রাপ্ত বয়স্কদের ওপরও গুরুত্ব দিতে হবে।”
দি হলোকস্ট এডুকেশনাল ট্রাস্ট বলছে, এ জরিপের ফলাফল থেকে সচেতন হতে হবে। এ ট্রাস্টটি ব্রিটেনের বিভিন্ন স্কুলে নাৎসী হত্যাকাণ্ডের ব্যাপারে শিক্ষা দিয়ে থাকে।
ট্রাস্টের নির্বাহী পরিচালক কারেন পল্লক রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “হলোকস্টের পর থেকে একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি কসোভো, রুয়ান্ডা, কম্বোডিয়া এবং সাম্প্রতিককালে দারফুরে। আর আমাদের উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া।”
