২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেলের মতো বিপ্লবীর কখনো মৃত্যু হয় না: শাভেজ

ফিদেল কাস্ত্রোর মতো বিপ্লবীর কখনো মৃত্যু হয় না বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 02:39 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

কয়েকদিন আগেও তার সঙ্গে ফিদেলের টেলিফোনে কথা হয়েছে বলে শুক্রবার শাভেজ জানান।

দক্ষিণ আমেরিকার দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের এক সম্মেলনে যোগ দিতে হুগো শাভেজ এখন রিও ডি জেনিরোয় রয়েছেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, তার সঙ্গে ফিদেলের কথা হয়েছে।

গুরুতর অসুস্থ ফিদেলের বর্তমান অবস্থাকে কিউবার বিপ্লবোত্তর পরিস্থিতির সঙ্গে তুলনা করে শাভেজ বলেন, “তিনি আবারো সিয়েরো মায়েস্ত্রো পর্বতমালায় চলে গেছেন যেখান থেকে এক সময় বিপ্লব শুরু করেছিলেন। তার অবস্থা গুরুতর হলেও আমার বিশ্বাস তিনি আরো ৮০ বছর বেঁচে থাকবেন। আর তার মতো বিপ্লবীর কখনো মৃত্যু হয় না।”

এর আগে ফিদেলের চিকিৎসক লুইস গার্সিয়া সাবরিডো জানিয়েছেন তার শারীরিক অবস্থার উন্নতির দিকে।

তবে এর গতি বেশ ধীর বলে জানান স্পেনের ওই চিকিৎসক।

গত সপ্তাহে হাভানা গিয়ে প্রবাদপ্রতীম কমিউনিস্ট নেতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন লুইস গার্সিয়া।

শুক্রবার মাদ্রিদে তিনি রয়টার্সকে বলেন, “ফিদেলের স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ খবর হল তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে বয়সজনিত কারণে উন্নতির গতি বেশ ধীর।”

ফিদেলের অবস্থা কতটা গুরুতর সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার পাকস্থলিতে অস্ত্রোপচার হয়েছে। তার বয়সী যে কোনো মানুষের পক্ষে এর ধকল সামলে ওঠা কঠিন। তবে পরিপূর্ণ সুস্থ হলেই তিনি আবার উঠে দাঁড়াবেন।”

ফিদেলের শারীরিক অবস্থা নিয়ে কিউবার চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন মাদ্রিদের গ্রেগরি মারানন হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের প্রধান লুইস গার্সিয়া।

২০০৬ সালের জুলাইয়ের পর আর কখনো প্রকাশ্যে দেখা যায়নি ফিদেল কাস্ত্রোকে। তার শারীরিক অবস্থা নিয়ে কিউবা সরকারের তরফ থেকেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। তার দায়িত্ব এখন পালন করছেন ভাই রাউল কাস্ত্রো।