২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকদ্রব্য চোরাচালান বন্ধে মেক্সিকো সরকারের সেনা মোতায়েন

প্রশান্ত মহাসাগরীয় আকাপুলকো শহরের মাদকদ্রব্য চোরাচালান বন্ধে মেক্সিকো সরকার সেখানে প্রায় আট হাজার সেনাসদস্য এবং পুলিশ পাঠিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

দেশটির প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডারন শুক্রবার এ কথা জানান।

আকাপুলকো শহরটি উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্র হিসেবে এক সময় ব্যাপক পরিচিত লাভ করেছিল। তবে দীর্ঘদিন ধরে এ এলাকায় মারিজুয়ানা ও আফিম উৎপাদিত হচ্ছে।

সেখানে চাষ করা মাদকদ্রব্য উৎপাদনকারী গাছ ধ্বংস এবং মাদকদ্রব্য চোরাচালানকারীদের তৎপরতা বন্ধে বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের সদস্যদের নিয়ে গঠিত ৭,৬০০ জনের এ দলটিকে পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট কাল্ডারন বলেন, “এ বিশেষ দলটিকে পাঠানোর মাধ্যমে আমরা আশা করছি যে সে এলাকার অধিবাসীসহ দেশের জনগণ এবং পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নতি করতে পারবো।”

গত বছর ডিসেম্বর মাসে কাল্ডারন রাষ্ট্রপতির পদ গ্রহণের পর মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র“তি দেন। সে অনুযায়ী গৃহীত কর্মকাণ্ডের প্রধান অংশ হলো, যত দ্রুত সম্ভব মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা রোধ। এ লক্ষ্যে তিনি কিছু কিছু এলাকায় সেনা মোতায়েনও করেছেন।