মুকতাদা আল সদরের শীর্ষ সহযোগী গ্রেফতার
বাগদাদে শিয়া নেতা মুকতাদা আল সদরের এক শীর্ষ সহযোগীকে শুক্রবার আটক করেছে ইরাক--মার্কিন যৌথ বাহিনী।
সদরের রাজনৈতিক দল এবং মার্কিন বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন বাহিনীর বিবৃতিতে আটক ব্যাক্তির নাম বলা না হলেও তাকে সদরের একজন শীর্ষ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়।
গোষ্ঠীগত দাঙ্গায় যুক্ত ‘ডেথ স্কোয়াড’ পরিচালনাকারী জঙ্গি নেতা আবু দেররার সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয় বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
এদিকে সদরের রাজনৈতিক কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়, আটক ব্যাক্তির নাম আবদুল হাদি আল দাররাজি। দুই চাচাতো ভাইসহ বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করার সময় গোলাগুলির ঘটনায় এক নিরাপত্তা রক্ষী নিহত হয় বলেও দাবি করেন তারা। তবে মার্কিন বাহিনী এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
আল দাররাজিকে সদর মুভমেন্টের একজন অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে উলে¬খ করে সদরের মুখপাত্র আবদুল মাহদি আল মাতিরি বলেন, “এ ঘটনায় আমরা ভীষণ ক্ষুব্ধ। আল দাররাজি সামরিক দলের কেউ ছিলেন না। তিনি ছিলেন আমাদের মুখপাত্র এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব।”
মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, “তারা আমাদের সহিংসতার পথে উস্কে দিতে চাইছে। কিন্তু আমরা লক্ষ্যভ্রষ্ট হব না।”
