ফিলিস্তিন প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের ১০ কোটি ডলার হস্তান্তর
ফিলিস্তিন সরকারের কর থেকে প্রাপ্ত আয়ের ১০ কোটি ডলার দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের দপ্তরের এক কর্মকর্তা শুক্রবার এ খবর নিশ্চিত করেন।
মার্কিন নেতৃত্বে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর লক্ষ্যে ফিলিস্তিন প্রেসিডেন্টকে সমর্থনদানের অংশ হিসেবে এ অর্থ ছাড় করা হয় বলে ইসরায়েলি কর্মকর্তারা জানান।
জঙ্গি গ্র“প হামাস গত বছর ফিলিস্তিনের সরকার গঠন করার পর প্রথমবারের মতো ইসরায়েল সেদেশের প্রাপ্য অর্থ হস্তান্তর করলো।
সাধারণ নির্বাচনে হামাস প্রেসিডেন্ট আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহকে পরাজিত করার পর পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ইসরায়েল দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। গত ফেব্র“য়ারি মাস থেকে ফিলিস্তিন সরকারের কর থেকে প্রাপ্ত আয়ের অর্থ ছাড় করাও বন্ধ করে দেয় ইসরায়েল। ওই খাতে ফিলিস্তিন সরকারের প্রতি মাসে আয় হতো পাঁচ থেকে ছয় কোটি ডলার।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা আরো জানান, ফিলিস্তিনি জনগণের মানবিক প্রয়োজন এবং প্রেসিডেন্ট আব্বাসের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের আরো শক্তিশালী করা সংক্রান্ত যুক্তরাষ্ট্র সমর্থিত কর্মসূচির প্রতি লক্ষ রেখে এ অর্থ ছাড় করা হয়।
এদিকে প্রেসিডেন্ট আব্বাসের এক ঘণিষ্ঠ সহযোগী সায়েব এরেকাত জানান, এই অর্থ মানবিক প্রয়োজনে গৃহীত প্রকল্পে ও বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য ব্যবহৃত হবে। তবে আব্বাসের নিরাপত্তার জন্য এ অর্থ ব্যবহৃত হবে কিনা তা জানাতে অস্বীকার করেন এরেকাত।
তবে এই অর্থ আব্বাস সরকারি কর্মকর্তা--কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে ব্যবহার করবেন না বলে ইসরায়েলি সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার জানান।
