'ফিদেলের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীরগতিতে'
কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর শারীরিক অবস্থার উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসক লুইস গার্সিয়া সাবরিডো।
তবে এর গতি বেশ ধীর বলে জানান স্পেনের ওই চিকিৎসক।
গত সপ্তাহে হাভানা গিয়ে প্রবাদপ্রতীম কমিউনিস্ট নেতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন লুইস গার্সিয়া।
শুক্রবার মাদ্রিদে তিনি রয়টার্সকে বলেন, “ফিদেলের স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ খবর হল তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে বয়সজনিত কারণে উন্নতির গতি বেশ ধীর।”
ফিদেলের অবস্থা কতটা গুরুতর সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিদেলের পাকস্থলিতে অস্ত্রোপচার হয়েছে। তার বয়সী যেকোনো মানুষের পক্ষে এর ধকল সামলে ওঠা কঠিন। তবে পরিপূর্ণভাবে সুস্থ হলেই তিনি আবার উঠে দাঁড়াবেন।”
ফিদেলের শারীরিক অবস্থা নিয়ে কিউবার চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন লুইস গার্সিয়া। তিনি মাদ্রিদের গ্রেগরি মারানন হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের প্রধান।
