বার্লিন বৈঠক ফলপ্রসূ: পিয়ংইয়ং
পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্লিন বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে বর্ণনা করেছেন পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র। বেশ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।
জার্মানির বার্লিনে ১৬ জানুয়ারি শুরু হয় তিন দিনব্যাপী এ বৈঠক। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ক্রিস্টোফার হিল, আর কোরিয়ার পক্ষে ছিলেন কিম কি ওয়ান।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা কেসিএনএ জানায়, অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়। উভয় পক্ষ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় উপনীত হয়েছে। তবে উত্তর কোরিয়া অনেক বিষয়ে দাবি জানালেও ওয়াশিংটন তা এড়িয়ে যায় বলে কেসিএনএ জানায়।
বৃহস্পতিবার উত্তর কোরিয়া সরকার, রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এদিকে এ বৈঠককে দ্বিপাক্ষিক বৈঠক বলতে অস্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন,“আমরা দ্বিপাক্ষিক কোন বৈঠকে বসিনি। ছয় জাতি আলোচনার প্রস্তুতি হিসেবেই বৈঠকটি হয়।”
তিনি আরো জানান, ক্রিস্টোফার হিল এরপর সিউল, বেইজিং ও টোকিও যাবেন এবং সেসব দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
উত্তর কোরিয়া দ্বিতীয় একটি পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে-- এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে বার্লিন বৈঠকের আয়োজন করা হয়।
প্রসঙ্গত ২০০৬ সালের অক্টোবর মাসে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে।
