রিফট ভ্যালি জ্বরে কেনিয়ায় ৯৫ জনের মৃত্যু
কেনিয়ায় রিফ্ট ভ্যালী জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। সরকারের মুখপাত্র আলফ্রেড মুতুয়া বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।
কেনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এবং উপকূলবর্তী এলাকায় গত মাসের মাঝামাঝিতে ছোঁয়াচে এ জ্বরের প্রাদুর্ভাব ঘটে এবং পরে তা পাশ্ববর্তী দেশ সোমালিয়াতেও ছড়িয়ে পড়ে। এ রোগের লক্ষণ হল রক্ত বমি বা অতিরিক্ত রক্তপাত। গত সপ্তাহ পর্যন্ত আরো ৬০ ব্যক্তি নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সোমালিয়া সীমান্তের ঘনবসতিপূর্ণ দাদাব শরণার্থী শিবিরেই বৃহস্পতিবার পর্যন্ত এ জ্বরে আক্রান্ত ২৯ ব্যক্তিকে শনাক্ত করেছেন। এদের মধ্যে ৫ জন গত সপ্তাহে মারা গেছেন।
মশার কামড়ের মাধ্যমে অথবা আক্রান্ত পশুর সঙ্গে সংস্পর্শের মাধ্যমে ছোঁয়াচে এ রোগটি একজনের দেহ থেকে সহজেই অন্যজনের দেহে সংক্রামিত হয়। তবে পশুর কাছ থেকে মানুষের মাঝে এ রোগের সংক্রমন তেমন একটা দেখা যায় না।
সরকারের মুখপাত্র জানান,“রিফট ভ্যালি জ্বরে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার্থে সরকার ইতোমধ্যেই ১০ কোটি শিলিং (প্রায় ১৪ লাখ মার্কিন ডলার) ব্যয় করেছেন এবং ২০ লাখ গবাদি পশুকে টিকা দেওয়া হয়েছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে যে, আক্রান্ত এলাকার নিম্ন মানের আর্থ সামাজিক অবকাঠামোর কারণে চিকিৎসা প্রদান জটিল হতে পারে। একই কারণে রোগটি আরো দ্রুত বিস্তৃত হতে পারে বলেও আশঙ্কা করছে তারা।
প্রসঙ্গত, ১৯৯৭-৯৮ সালে কেনিয়ায় একইরকম এক রোগের প্রাদুর্ভাবে কয়েকশ ব্যক্তি মারা যান।
