ভারতে নৌকাডুবিতে ৬০ জনের প্রাণহানির আশংকা
ভারতে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে নৌকাডুবিতে ৬০ জনের প্রাণহানির আশংকা করা হচ্ছে। রাজধানী হায়দ্রাবাদ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে মেহবুবনগর জেলায় বৃহস্পতিবার তীর্থযাত্রীরা নদী পার হওয়ার সময় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ শুক্রবার একথা জানায়।
হিন্দুদের একটি উৎসব শেষে বাড়ী ফেরার সময় অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি তীর থেকে ১০০ মিটার দূরে গভীর পানিতে উল্টে যায় ।
নৌকাডুবির ঘটনায় ৬৬ ব্যাক্তির কোন হদিস মিলছেনা বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান কে শ্রীনিবাস রেড্ডি । নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩৬ জনই নারী ও শিশু। নৌকাটিতে ৭০ জন যাত্রী ছিলেন বলে দাবি করেছেন উদ্ধার পাওয়া এক যাত্রী।
ডুবুরি এবং হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এ পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে একজন নারী ও দুজন শিশু।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর তিনি এবং তার ১২ বছরের ছেলে সাঁতরে তীরে এসে পৌঁছালেও হারিয়েছেন তার স্ত্রী এবং মেয়েকে।
