২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ইউরোপে প্রচণ্ড ঝড়ের ছোবলে ৩৯ জনের প্রাণহানি

উত্তর ইউরোপে শক্তিশালী ঝড়ের তাণ্ডবে বৃহস্পতিবার কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝড়টি ব্রিটেন, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও জার্মানির ওপর দিয়ে বয়ে যায়। হতাহতের ঘটনা ছাড়াও ঝড়ের কারণে ওই অঞ্চলের বহু স্থানে বিমান, রেল ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ো বাতাস অব্যাহত থাকায় শুক্রবারও স্বাভাবিক হয়নি পরিবহন ব্যবস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2007, 09:25 AM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ঝড়ের কারণে জার্মানি এবং ডেনমার্কের রেল চলাচল স্থগিত করে দেওয়া হয়। বন্ধ রয়েছে ফ্রান্স, ব্রিটেন এবং বেলজিয়ামের মধ্যে ইউরোস্টার ইন্টারন্যাশনাল ট্রেন চলাচল। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। প্রচণ্ড ঝড়ো বাতাস বইতে থাকায় শুক্রবারও বিমান চলাচল বন্ধ রাখা হয় সেখানে। বিভিন্ন স্থানে রেল চলাচল স্থগিত রাখার কথা জানিয়েছে জার্মানির জাতীয় রেল বিভাগ ।

এছাড়া, ইংলিশ চ্যানেলে একটি মালবাহী জাহাজ ডুবে যেতে শুরু করলে হেলিকপ্টারের সাহায্যে ২৬ জন নাবিককে উদ্ধার করা হয়।

ঝড়ের কবলে পড়ে ব্রিটেনে পাঁচ মোটরচালক নিহত হয়েছেন। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর ম্যানচেস্টারে দুজন এবং লন্ডনে দেয়াল ধসে এক বালক নিহত হয়।

আয়ারল্যান্ডে বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে বিমানের ফ্লাইট। ব্রিটেন ও ফ্রান্সগামী ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে।

নেদারল্যান্ডে গাড়ির ওপর গাছ পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই ব্যক্তি। এছাড়া, একজন গাড়ি চালকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সংবাদ সূত্রে।

ঝড়ে একটি মালবাহী জাহাজ বন্দরের তেল--জেটিতে আঘাত হানলে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় মারাত্মক বিঘিœত হচ্ছে ইউরোপের সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দর রটার্ডামের জাহাজ চলাচল।

জার্মাানিতে বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে নিহত হয়েছে ১১ জন। এদের মধ্যে গাছের নিচে চাপা পড়ে মারা যান এক ফায়ারম্যান।

দক্ষিণ জার্মানিতে ঘর চাপা পড়ে মারা গেছে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ এবং ১৮ মাসের এক শিশু। ঝড়ে বার্লিনের সেন্ট্রাল ট্রেন স্টেশনের সম্মুখভাগ ধসে পড়লে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, ফায়ার ব্রিগেড এ খবর জানায়।

জার্মনির উত্তর ও পশ্চিমাঞ্চলে আঘাত হানার পর ঝড়টি পূর্ব দিকে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ার ওপর দিয়ে বয়ে যায়। চেক প্রজাতন্ত্রে ঝড়ে নিহত হয় তিনজন।

পোল্যান্ডে নিহত হয় ছয়জন। দেশটির প্রায় ১০ লাখ ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে অস্ট্রিয়ায় এ দুর্ভোগে পড়েছেন ২০ হাজার বাসিন্দা।

“হারিকেনের মতো শক্তিশালী ঝড়টি সাধারণ ঝড়ের মতো নয়। এটি কোন নির্দিষ্ট এলাকায় আঘাত না হেনে সারা দেশের ওপর দিয়ে বয়ে যাবে,” ঝড়টি আঘাত হানার আগে এভাবেই সতর্ক করে দিয়েছিলেন জার্মানির আবহাওয়া বিষয়ক অধিদপ্তরের মুখপাত্র ক্রিস্টোফার হার্টম্যান।