তালেবানদের দাবি নাকচ করেছে পাকিস্তান
তালেবানদের শীর্ষ নেতা মোল্লা ওমর পাকিস্তানে রয়েছেন এবং সে দেশের গোয়েন্দা সংস্থাই তাকে আশ্রয় দিচ্ছে-- আফগানিস্তানে আটক তালেবান মুখপাত্রের এমন দাবি নাকচ করেছে ইসলামাবাদ।
গত সোমবার পাকিস্তান--আফগান সীমান্তে দুই সহযোগীসহ ধরা পড়েন তালেবান মুখপাত্র আবু হানিফ।
জিজ্ঞাসাবাদে আফগান কর্তৃপক্ষকে মঙ্গলবার তিনি জানান, মোল্লা ওমরসহ বিভিন্ন তালেবান নেতা আইএসআইর আশ্রয়ে পাকিস্তানি ভূখণ্ডে কোয়েটায় অবস্থান করছেন।
এছাড়া সাবেক আইএসআই প্রধান হামিদ গুল পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ তদারকি করেন বলেও জানান তিনি।
তার বক্তব্যের জবাবে পাকিস্তানি সেনা মুখপাত্র শওকত সুলতান বৃহস্পতিবার বলেন, “ওই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এটা পুরোপুরিই নাকচ করছি।”
তিনি বলেন, “আফগান কর্তৃপক্ষের কাছে যদি কোনো তথ্য থাকে তাদের উচিত তা আমাদের দেওয়া।”
এদিকে হামিদ গুল তাকে জড়িয়ে তালেবান মুখপাত্রের বক্তব্য অস্বীকার করে বলেছেন, “এটা সর্বৈব মিথ্যা।”
তিনি বলেন, “আবু হানিফকে আমি চিনিই না। এর আগে নিউইয়র্ক টাইমসও আমাকে নিয়ে এ ধরনের মিথ্যাচার করেছিল। এবারও একই ধরনের কথাই বলা হচ্ছে। ”
