২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য সহযোগিতা জোরদার করবে ভারত ও বৃটেন

দুই দেশের মধ্যকার বাণিজ্য সহযোগিতা জোরদার করতে রাজি হয়েছে ভারত ও বৃটেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক বৈঠকের পর ভারতীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম ও বৃটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

বৈঠকে ভারতের পক্ষ থেকে বৃটেনে ভারতীয় ব্যাংকের আরো বেশি সংখ্যক শাখা স্থাপনের লাইসেন্স চাওয়া হয়। এছাড়া দুই দেশ অর্থ ও বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারে সম্মত হয়।

চিদাম্বরম সাংবাদিকদের বলেন, “আমি বৃটিশ অর্থমন্ত্রীর কাছে ভারতীয় ব্যাংকের আরো বেশি সংখ্যক শাখা স্থাপনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানিয়েছি।”

“আমরা ভারতে বৃটিশ ব্যাংকগুলোকে স্বাগত জানাবো। এরা অনেকদিন ধরেই ভারতে ব্যবসা পরিচালনা করছে এবং আমি নিশ্চিত যে তারা স্বাভাবিকভাবেই বেড়ে উঠবে।”

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। দেশটির অর্থনীতিতে গত তিন বছর ধরে গড়ে আট শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটছে। এ কারণে বৃটেনসহ বিশ্বের অন্যান্য দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো সেখানে ব্যবসা সম্প্রসারণের আগ্রহ দেখাচ্ছে।

সাংবাদিকদের ব্রাউন বলেন, “আমিও ভারতে বৃটিশ ব্যাংকগুলোর আরো শাখা স্থাপনের বিষয়টি নিয়ে কথা বলেছি। আমি বিশ্বাস করি ভারতীয় ব্যাংকগুলোর পাশাপাশি বৃটিশ ব্যাংকগুলোও দেশটির অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে।”

বৃটেনের ভাবি প্রধানমন্ত্রী ব্রাউন অনেকদিন ধরেই ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির দেশ ভারত ও চীনের সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

তিনি দেশের বাইরে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে বৃটেনকে বেছে নেওয়ারও পরামর্শ দেন।

ভারতে ইন্সুরেন্স খাতে বৃটিশ বিনিয়োগ বাড়াতে চিদাম্বরম পার্লামেন্টে নতুন আইন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন বলে ব্রাউন জানান।  

তবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের শরীক বামপন্থী দলগুলো এ সংক্রান্ত নতুন আইন করার বিরোধিতা জানিয়ে আসছে।