বন্দির চিঠিতে গুয়ানতানামো কারাগার
আমি যদি ফিরে আসি তবে তা হবে একটি বিস্ময়কর ঘটনা”- চিঠিতে স্ত্রীকে লিখেছেন মজিদ খান।
২০০৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের এই নাগরিককে পাঠানো হয় গুয়ানতানামো কারাগারে।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ১১ সেপ্টেম্বরের হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখের সঙ্গে মজিদ খানের যোগাযোগ ছিল।
সিআইএর এক গোপন কারাগার থেকে কিউবায় গুয়ানতানামো বে কারাগারে একই সময়ে পাঠানো ১৪ বন্দির একজন মজিদ।
বিবিসির উর্দু ভাষার ওয়েবসাইটের বরাত দিয়ে বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মজিদ খানের এ চিঠির কথা প্রকাশ করা হয়।
রেডক্রসের মাধ্যমে চিঠিটি পাঠানো হয় মজিদের আত্মীয়স্বজনের কাছে। তবে তার আগে মার্কিন সামরিক কর্তৃপক্ষের অনেকগুলো ধাপ পেরোতে হয় চিঠিটিকে।
অনেক নিষেধের বেড়াজালের পেরিয়ে স্ত্রীর কাছে পাঠানো তার চিঠিতে ফুটে উঠেছে ভয়াবহ সে কারাগারের অজানা কিছু চিত্র।
২৬ বছর বয়সী মজিদ খানকে যে কারাকক্ষে রাখা হয়েছে, সেখানে অন্য কোনো বন্দি নেই। নিয়ম করে প্রতিদিন এক ঘণ্টার জন্য রোদে আনা হয় তাকে। দেওয়ালের ওপর দিয়ে অবশ্য অন্য বন্দিদের সঙ্গে কথা বলার সুযোগ করে নিয়েছেন মজিদ।
তবে কোনো বন্দিকেই আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় না বলে তার চিঠি থেকে জানা যায়।
মজিদ খানের ভাই মোহাম্মদ খান জানিয়েছেন, গত মাসে ওই চিঠি তারা হাতে পান। ভাইকে ছাড়াতে সহায়ক হবে এমন ভাবনা থেকেই তারা চিঠিটি প্রচার মাধ্যমের কাছে তুলে ধরেছেন।
