২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার জাদুঘরে সাদ্দাম

ইরাক আর দক্ষিণ আফ্রিকার দূরত্ব কয়েক হাজার মাইল। অথচ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বীরত্বপূর্ণ অবদানের জন্য যেসব পদক পান সেগুলো এখন শোভা বাড়াচ্ছে দেশটির জোহানেসবার্গ শহরের এক জাদুঘরের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু তার পদকগুলো দেখে কেউ ভাবতেও পারবে না এমন অভিযোগে ফাঁসি হতে পারে বীরত্বের জন্য পদকপ্রাপ্ত সাদ্দামের।

ফাঁসির আড়াই সপ্তাহ পর দর্শণার্থীরা জাদুঘরে ভিড় জমাচ্ছেন পদকগুলো দেখার জন্য।

লৌহমানব সাদ্দামের জীবদ্দশায় তার সামরিক পোশাকে ব্যবহৃত বিভিন্ন ব্যাজছাড়াও তার শাসনামলের অনেকগুলো ছবি সংগ্রহ করেছিলেন দক্ষিণ আফ্রিকার সেনা কর্নেল উইলিয়াম এন্ডলে।

কীভাবে তিনি এসব সংগ্রহ করেন তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ২০০৩ সালে ইঙ্গ--মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনী ইরাকে হামলা চালানোর পর দক্ষিণ আফ্রিকার সেনারা সেখানে যান ইরাকে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পরামর্শদাতার কাজ করতে।

ওই যুদ্ধ শুরুর পর সাদ্দাম আত্মগোপন করেন এবং জোটবাহিনীর সেনারা তার প্রাসাদগুলো ধ্বংস করে দেয়। এরপর এগুলোতে ব্যাপক লুটতরাজ চলে। ওইসব প্রাসাদগুলোতে যেসব মূল্যবান জিনিসপত্র ছিল সেগুলোর কিছুকিছু নানাজনের হাত ঘুরে খোলা বাজারেও চলে আসে।    

জাদুঘরটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি যুদ্ধবিমানের পাশেই এক জায়গায় কাচের বাক্সে রাখা আছে সাদ্দাম আমলের ইরাকের দৃশ্য।

জীবদ্দশায় তিনি কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়েন। এর একটি কুয়েতের বিরুদ্ধে ১৯৯১ সালে তার অভিযান। ‘সব যুদ্ধের মূল (মাদার অব অল ব্যাটেল)’ হিসেবে পরিচিত ওই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে পদক দেওয়া হয়।

কুর্দি বিদ্রোহীদের দমিয়ে রাখার অবদানের জন্যও পদক পান তিনি। এতে লেখা রয়েছে ‘কুর্দি বিদ্রোহীদের দমনের জন্য পদক (দি মেডাল ফর ক্রাসিং দি কুর্দিস রেবেলিয়ন)’। অথচ এই অপরাধেই বিচার চলছিল তার।

বাগদাদের রাস্তায় রাস্তায় সাদ্দামের যেসব প্রতিমূর্তি স্থাপন করা হয়েছিল সেগুলোর ধ্বংসাবশেষও রাখা আছে ওই জাদুঘরে।

ইরাকের প্রচারমাধ্যম কীভাবে তার স্তুতি করতো তারও অগণিত ছবি আছে সেখানে।

শুধু বীরত্বের জন্যই নয় অন্যান্য কারণেও অনেকগুলো পদক পেয়েছিলেন তিনি। তেল শোধনাগার, সিমেন্ট কারখানা ছাড়াও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পদক প্রদান করে। 

সাদ্দামের একটি ব্যাজে লেখা ‘প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোন’।

কুয়েতের বিরুদ্ধে অভিযানের পর সাদ্দাম নিজেকে ইসলামি বিশ্বের শীর্ষস্থানীয় এক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ওই সময় তার ব্যবহৃত একটি ব্যাজে লেখা ‘আল্লাহর নামে যুদ্ধ করুন’।

জাদুঘরে ঢোকার পথে রাখা আছে সামরিক পোশাকে তরুণ সাদ্দামের একটি ছবি। জোহানেসবার্গে সেভাবেই প্রদর্শিত হয়েছেন তিনি।

বিতর্কিত ফাঁসি সত্ত্বেও সম্ভবত একজন সমর নায়ক হিসেবেই তাকে মনে রাখবে এই বিশ্ব। সাদ্দাম নিজেও হয়তো তাই চেয়েছিলেন।