ইরাকি বাহিনীর আরো অস্ত্র প্রয়োজন: মালিকি
ইরাকি বাহিনীর জন্য আরো অস্ত্র প্রয়োজন। আধুনিক সমরাস্ত্রে সাজিয়ে তুললে দেশটিতে আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রয়োজন হবে না। এ কথা বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের ‘টাইমস’ পত্রিকায় এক সাক্ষাৎকারে ইরাকি প্রধানমন্ত্রী এ কথা বলেন। তার ধারণা, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করে তুলতে তিন থেকে ছয় মাস লাগতে পারে। এর পর সেখানে মোতায়েন মার্কিন সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়া সম্ভব।
সাদ্দাম হোসেনের ফাঁিস কার্যকরে বেশ কিছু ত্র“টির কথা স্বীকার করেন মালিকি। তবে তিনি বলেন, এর পেছনে কোন প্রতিশোধমূলক অভিপ্রায় ছিল না।
মার্কিন সেনাবাহিনী আর কতদিন ইরাকে অবস্থান করবে এই প্রশ্নের জবাবে মালিকি বলেন, “এটা নির্ভর করছে আমরা কত তাড়াতাড়ি আমাদের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজাতে পারব।”
ইরাক আসলে যুক্তরাষ্ট্রের সাহায্য -- সহযোগিতা ছাড়া চলতে পারছে না এবং যৌথবাহিনীর মাধ্যমে দাঙ্গা-সংঘাত ও বিশৃঙ্খল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠেকিয়ে রাখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের এ ধরনের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন মালিকি।
তার বক্তব্য,এ ধরনের মন্তব্যের মাধ্যমে রাইস আসলে তার নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যৌথবাহিনীর সাহায্য ও পৃষ্ঠপোষকতায় অভ্যন্তরীণ বৈরী পরিস্থিতি ঠেকিয়ে রাখা হচ্ছে বলে তিনি মনে করেন না।
