২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ফাঁসির ঘটনায় সমর্থন হারাবে ইরাক সরকার: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, সাদ্দাম হোসেনের ফাঁসির ঘটনায় সমর্থন হারাবে ইরাকি সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 05:15 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সাদ্দামের ফাঁসি অনেকটা প্রতিশোধমূলক হত্যার রূপ নিয়েছে এবং এভাবে তার ফাঁসির ঘটনাকে বিতর্কিত করে ফেলেছে ইরাকি সরকার।

একটি মার্কিন প্রচারমাধ্যমে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে বুশ এসব মন্তব্য করেন।

‘নিউজ আওয়ার উইথ জিম লেহরার’ নামের ওই অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বুশ বলেন, “সাদ্দাম হোসেনের হাতে নিগৃহীত মানুষেরা সুবিচার না পেলেও সাদ্দাম নিজে সুবিচার পেয়েছেন। কিন্তু গত মাসে তাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে তাতে হতাশ হয়েছি আমি।”

এ প্রসঙ্গে বুশ বলেন,“যেভাবে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী নুরি আল--মালিকির সরকারের প্রতি মানুষের সন্দেহ আরো বেড়ে গেছে। ফলে তার প্রতি মার্কিন জনগণের সমর্থন অব্যাহত রাখাটা কঠিন হয়ে পড়বে।”

তিনি বলেন, “ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে কদিন আগে কথা বলার সময় ফাঁসির ঘটনায় আমার আশাহত হওয়ার কথা জানিয়েছি আমি।”

প্রেসিডেন্ট বুশ মনে করেন, সাদ্দামের ফাঁসি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে। কারণ সাবেক ওই স্বৈরশাসককে বিচারের আওতায় আনার মাধ্যমে যে ভাল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল শাস্তি কার্যকর করতে গিয়ে তার উল্টো ফল হলো। সাদ্দামকে যে ন্যায় বিচারের সুযোগ দেওয়া হয়েছিল-- এ ঘটনার ফলে মানুষ তার প্রতি সন্দেহ পোষণ করবে এবং এখন সেটাকে প্রতিশোধমূলক হত্যা বলে মনে করবে।

সাদ্দাম হোসেনের ফাঁসির পর তার সৎভাই বারজান ইব্রাহিম আল তিকরিতি এবং সাবেক বিচারক আওয়াদ হামেদ আল বন্দরের ফাঁসির সময়েও দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তিতে নিন্দার ঝড় ওঠে ইরাকসহ সারা বিশ্বে। বারজানের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন  হয়ে যাওয়ার ঘটনায় শিয়া নেতৃত্বাধীন সরকারের প্রতিশোধমূলক হত্যার বিষয়ে মানুষের সন্দেহ আরো দৃঢ় হয়।