ফিলিপাইনে শীর্ষ আবু সায়াফ নেতা নিহত
ফিলিপাইনের ইসলামী জঙ্গি সংগঠন আবু সায়াফের শীর্ষ নেতা আবু সুলায়মানকে হত্যা করার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
জোলো দ্বীপের জঙ্গি ঘাঁটিতে সেনা অভিযানের সময় বন্দুকযুদ্ধে তিনি নিহত হন বলে বুধবার জানান সেনাপ্রধান জেনারেল হারমোজেনেস এসপেরন।
সেনাপ্রধান এসপেরন বলেন, “সুলায়মানের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত। জঙ্গিদের এ শীর্ষ পরিকল্পকের মৃত্যুর ফলে আবু সায়াফের কর্মকাণ্ড স্তিমিত হয়ে আসবে বলে মনে করি আমরা।”
সুলায়মান আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন এবং তাকে আবু সায়াফের শীর্ষ পাঁচ নেতার একজন বলে মনে করা হতো।
২০০৪ সালে ম্যানিলা বে’র একটি ফেরিতে বোমা হামলার জন্য দায়ী করা হয় আবু সুলায়মানকে। ওই হামলায় অন্তত ১০০ মানুষ প্রাণ হারান।
গত মাসের শেষের দিকে আবু সায়াফ প্রধান গাদ্দাফি জানজালানিকে হত্যার দাবি জানায় সেনাবাহিনী। সেপ্টেম্বর মাসের এক সংঘর্ষে তিনি নিহত হয়েছেন এ সন্দেহে ওই সময় নিহত এক জঙ্গির বিকৃত লাশের টিস্যু পাঠানো হয় ডিএনএ পরীক্ষার জন্য। কিন্তু ওই ফরেনসিক পরীক্ষার ফলাফল এখনো তাদের হাতে এসে পৌছাঁয়নি বলে জানান এসপেরন।
আবু সায়াফ জঙ্গিরা জামাহ্ ইসলামিয়া দলের সঙ্গে জড়িত। দলটি ফিলিপাইনের ওই অঞ্চলে একটি প্যান--এশিয়ান মুসলিম রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছে।
