কৃত্রিম পায়ুপথ সংযোজনে রাজী হননি ফিদেল
অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম পায়ুপথ সংযোজনে সম্মতি দেননি কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো।
বরং তারচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অন্ত্রের অস্ত্রোপচারে রাজী হন তিনি যা এখন মারাত্মক জটিল করে তুলেছে তার শারীরিক অবস্থাকে।
গত মাসে ফিদেল মাদ্রিদের এক হাসপাতালের এক শল্যচিকিৎসকের অধিনে কিউবায় চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালের কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে স্পেনের দৈনিক পত্রিকা এল পেইস বুধবার এ খবর জানিয়েছে।
দৈনিক পত্রিকাটি জানায় ‘কলোস্টোমি’ বা কৃত্রিম পায়ুপথ সংযোজন অস্বস্তিদায়ক হতে পারে এই আশঙ্কায় ফিদেল তাতে রাজী হননি।
পরপর তিনবার অসফল অস্ত্রোপচারের কারণে বর্তমানে তিনি অন্ত্রের সংক্রমণজনিত গুরুতর অসুস্থতায় ভুগছেন।
মাদ্রিদের ওই হাসপাতালের সূত্র জানায়, অন্ত্রের ভেতরের ঝিল্লির প্রদাহ মারাত্মক বেড়ে যাওয়ায় ফিদেল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শিরায় নল প্রবেশ করিয়ে খাওয়ানো হচ্ছে তাকে।
তবে স্পেনের ওই শল্যচিকিৎসক গার্সিয়া সাব্রিদো বলেছেন, ক্যাস্ট্রোর ক্যান্সার হয়নি এবং অস্ত্রোপচারের ধকল সেরে উঠতে পারলে তিনি দেশ শাসন করার মতো সুস্থতা ফিরে পাবেন বলে তিনি বিশ্বাস করেন।
