২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিব্বি মামলায় সাক্ষ্য দিতে হতে পারে রাইসকে

ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তথ্য বিকৃতির ‘লিব্বি--মামলায়’ সাক্ষ্য দিতে হতে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ওই মামলায় ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, পররাষ্ট্রমন্ত্রী রাইস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলসহ সরকারি শীর্ষ কর্মকর্তা ও সাংবাদিকদের নাম রয়েছে সাক্ষীদের দীর্ঘ তালিকায়।

রাইস সে সময় বুশ প্রশাসনের জাতীয় নিরাপত্তা বিভাগের উপদেষ্টা হিসেবে কাজ করতেন।

ওই তালিকায় আরো রয়েছেন হোয়াইট হাউসের রাজনৈতিক উপদেষ্টা কার্ল রোভ, সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেট ও পেন্টাগনের সাবেক সেক্রেটারি পল উলফোউইৎজ।

চেনির সাবেক প্রধান কর্মকর্তা লুইস লিব্বির মামলার শুনানিতে এদের অনেককেই সাক্ষী দিতে হতে পারে।

চেনি তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকার কথা ইতোমধ্যে স্বীকার করেছেন। 

সিআইএর এজেন্ট ভ্যালোরি প্লামের পরিচয় ফাঁস করা সংক্রান্ত বিষয়ে এক তদন্তে মিথ্যা বলা ও তথ্য বিকৃতির দায়ে লিব্বিকে অভিযুক্ত করা হয়।

লিব্বির এক আইনজীবী থিওডর ওয়েলস বলেন, ওই মামলার শুনানী চলাকালীন রাজনৈতিক ইস্যুগুলো এড়িয়ে যাওয়া মুস্কিল হবে।