২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলায় নিহত ৬৫

বাগদাদের একটি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার গাড়ি বোমা ও আত্মঘাতী হামলায় ৬৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই ছাত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 12:27 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ঐতিহাসিক আল--মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ে ওই হামলার ঘটনা ঘটে। এদিন বাগদাদে আরো অন্তত ৩৫ জনকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। এ নিয়ে একদিনেই ইরাকে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

সাদ্দামের হোসেনের সৎ ভাইসহ সাবেক এক বিচারকের ফাঁসি কার্যকর করার একদিন পরই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

আল--মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা জানান, বাড়ি ফেরার জন্য অপেক্ষমান শিক্ষার্থীরা ওই হামলার শিকার হন। প্রচণ্ড বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলোর দরজা ও জানালা উড়ে যায়  এবং ভাঙা কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। 

জানায়, পুলিশ বোমা হামলার মধ্যে একটি ছিল গাড়ি বোমা ও আরেকটি ছিল আত্মঘাতী। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শিক্ষার্থীরা যখন যানবাহনের জন্য অপেক্ষা করছিল তখন তাদের ওপর গাড়ি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। আতঙ্কিত ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ের আরেকটি ফটক দিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করলে সেখানে আত্মঘাতী হামলাকারী তার শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

ওই ঘটনার পর উপাচার্য তাক্কি মুসাবি দুদিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন বলে কর্মকর্তারা জানান।

এদিকে জাতিসংঘ মঙ্গলবারেই এক রিপোর্টে জানায়, ২০০৬ সালে ইরাকে নিহত হয়েছে ৩৪ হাজার ৪৫২ জন বেসামরিক মানুষ। প্রতিদিনের হিসাবে ৯৪ জন। হাসপাতাল ও মর্গ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাতিসংঘ রিপোর্টটি তৈরি করেছে।