২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অনানুষ্ঠানিক' শান্তি আলোচনায় ইসরায়েল ও সিরিয়া

দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাই করতে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে দুই বছর ধরে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি পত্রিকা হারেৎস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

তবে ইসরায়েল ও সিরিয়া উভয়ই ওই খবরের সত্যতা অস্বীকার করেছে।

হারেৎস মঙ্গলবার জানায়, শান্তি চুক্তির অবকাঠামো কী হবে তা খুঁজে দেখতে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই দেশ গোপনে ইউরোপে আলোচনা করে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মিরি এইসিন ওই খবর অস্বীকার করে বলেন, “আমরা এই প্রথমবার এ ধরনের আলোচনার কথা জানলাম। আমরা সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে কাউকেই অনুমতি দেইনি। আজ সকালে পত্রিকা পড়ে প্রধানমন্ত্রী এ আলোচনার খবর জেনেছেন।”

দামেস্কে সিরিয়ার পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তাও ওই খবর অস্বীকার করে বলেন, “দুই দেশের মধ্যে কোনো ধরনের আলোচনাই হয়নি। হারেৎসের খবর সম্পূর্ণ মিথ্যা।”

উল্লেখ্য, শান্তি আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরুর ব্যাপারে সিরিয়া অনেকদিন ধরেই ইসরায়েলকে চাপ দিচ্ছে। ২০০০ সালে শেষবারের মতো দুই দেশ শান্তি আলোচনায় বসেছিল। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির ভবিষ্যত কী হবে তা নিয়ে দুই দেশ আলোচনা করছিল। সিরিয়া গ্যালিলি সাগরে চলাচলের অনুমতি চাওয়ায় মূলত ওই আলোচনা ভেঙে যায়।

হারেৎসের ওই প্রতিবেদনে বলা হয়, দুই বছর ধরে আলোচনার পর তথাকথিত ‘অলিখিত’ শান্তি চুক্তির খসড়া অনুযায়ী ১৯৬৭ সালে আরব--ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখলের আগে ইসরায়েলি সেনারা যে অবস্থানে ছিল তাদের সে অবস্থানে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।     

প্রস্তাব অনুযায়ী ইসরায়েল গ্যালিলি সাগর নিয়ন্ত্রণ করলেও সিরিয়ার সঙ্গে যৌথভাবে সাগর তীরের কিছু অংশ ব্যবহার করবে।

এছাড়া গোলান মালভূমি থেকে পর্যায়ক্রমে ইহুদি বসতি সরিয়ে নেওয়া হবে এবং ওই এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে।

হারেৎস জানায়, ইসরায়েলি পররাষ্ট্র দপ্তরের এক সাবেক মহাপরিচালক এলোন লিয়েল যুক্তরাষ্ট্রে বসবাসরত সিরীয় নাগরিক ইব্রাহিম সুলায়মানের সঙ্গে ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের আগস্ট মাস পর্যন্ত অনেকগুলো বৈঠক করেছেন। এ আলোচনায় মধ্যস্থতা করেন এক ইউরোপীয়। তবে পত্রিকাটি তার নাম প্রকাশ করেনি।

সুলায়মান ও ওই ইউরোপীয় মধ্যস্থতাকারী সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল--শারার সঙ্গে এসব প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আটবার দামেস্ক সফর করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।