২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ইরাক পরিকল্পনাকে সমর্থন দেবে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের নতুন ইরাক পরিকল্পনাকে তারা সমর্থন দেবে বলে জানিয়েছে সৌদি আরব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 02:05 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এর আগে সোমবার সৌদি বাদশাহর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বৈঠক করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন মার্কিন পরিকল্পনায় গৃহীত লক্ষ্যগুলোর সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আমরা মনে করি ওই লক্ষ্যগুলো বাস্তবায়িত হলে ইরাকের বর্তমান সমস্যা সমাধান হবে।”

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, “এ পরিকল্পনা সাফল্য নির্ভর করছে ইরাকিদের ইচ্ছা--অনিচ্ছার ওপর।”

সৌদি বাদশাহর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ফিলিস্তিন--ইসরায়েল সংঘাত এবং ইরাকের সহিংসতাসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হয়। ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে জাতিসংঘ--যুক্তরাষ্ট্র--ইরান অচলাবস্থা নিয়েও আলোচনা হয় বৈঠকে।

এক সৌদি কর্মকর্তা জানান, রাইসের বৈঠককে সামনে রেখে পরমাণু প্রশ্নে সৌদি সহযোগিতা চেয়ে বাদশাহর কাছে চিঠি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পক্ষ থেকে ওই চিঠি দেন বলেও জানান তিনি।