'তিনটি অস্ত্রোপচারই ব্যর্থ : ক্যাস্ট্রো গুরুতর অসুস্থ'
পর পর তিনটি অস্ত্রোপচারই ব্যর্থ হওয়ায় কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার স্পেনের দৈনিক এল পায়িস পত্রিকা এ খবর জানায়।
৮০ বছর বয়সী ক্যাস্ট্রো বৃহদান্ত্রের সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন এবং গত কয়েকমাসে তিনবার তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল না হওয়াতে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন । ক্যাস্ট্রোর চিকিৎসার জন্য গত মাসে কিউবা সফরকারী মাদ্রিদ হাসপাতালের এক ডাক্তারের সূত্র উল্লেখ পত্রিকাটি একথা জানায়।
মাদ্রিদ হাসপাতালের সূত্র জানায় ক্যাস্ট্রো অন্ত্রের সংক্রমণে ভুগছেন। তার অন্ত্রের ভেতরের ঝিল্লির প্রদাহ মারাত্মক বেড়ে যাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শিরায় নলের মাধ্যমে খাওয়ানো হচ্ছে তাকে।
তবে কিউবা সফরকারী স্প্যানিশ সার্জন গার্সিয়া সাব্রিদো বলেছেন, ক্যাস্ট্রোর ক্যান্সার হয়নি এবং অস্ত্রপচারের ধকল সেরে উঠতে পারলে তিনি দেশ শাসন করার মত সুস্থ্যতা ফিরে পাবেন বলে তিনি বিশ্বাস করেন।
