২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দাম সহযোগীদের ফাঁসি নিয়ে বিশ্বজুড়ে নিন্দা

আন্তর্জাতিক মতামত উপেক্ষা করে সোমবার সাদ্দামের দুই সহযোগীর ফাঁসি কার্যকর করা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। ফাঁসির সময়ে বারজান আল তিকরিতির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাকে ইরাক সরকার দুর্ঘটনা বললেও তা মেনে নিতে রাজি নন অনেকেই। আরব মানবাধিকার কমিশন এ ঘটনার ‘আন্তর্জাতিক মেডিকেল তদন্ত’ দাবি করেছে। এর নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বন্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কার্যকর এ ফাঁসির দৃশ্য সরকারিভাবে ভিডিও করা হলেও তার প্রচার ঠেকাতে নেয়া হয় কঠোর ব্যবস্থা। ফাঁসি দেওয়ার সময় নজিরবিহীনভাবে আল তিকরিতির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে।

সাদ্দামের সৎভাই বারজানের মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা স্বীকার করলেও একে একটি নজিরবিহীন ঘটনা বলে উলে¬খ করে ইরাক সরকারের মুখপাত্র দাব্বাঘ বলেন, তাদের প্রতি কোন অবিচার করা হয়নি এবং প্রথা মেনেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু এ ঘটনার নিরপেক্ষ ‘আন্তর্জাতিক মেডিকেল তদন্ত’ দাবি করেছে কায়রো ভিত্তিক আরব মানবাধিকার কমিশন।

সাদ্দোম সহযোগীদের ফাঁসি কার্যকরের নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, “ কোন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার নেই অন্য কারো।” ইইউ কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো ইতালির দাবির সঙ্গে একমত পোষণ করে মৃত্যুদণ্ড বন্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সাদ্দামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সহযোগীর ফাঁসি স্থগিত করতে ইরাক সরকারের প্রতি অনুরোধ জানান।

এর আগে ৩০ ডিসেম্বর সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর এবং তার ফাঁসির ভিডিও প্রচারের পর সারাবিশ্বে তীব্র নিন্দার ঝড় ওঠে। কিন্তু মার্কিন সমর্থিত ইরাকি সরকার সব আবেদন নিবেদন প্রত্যাখ্যান করে তার সহযোগীদেরও ফাঁসি কার্যকর করলো।