আব্বাসকে সমর্থন দিতে ইসরায়েল--যুক্তরাষ্ট্র ঐকমত্য
থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ত্রিমুখী সম্মেলনে বসতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
ইসরায়েলের প্রচারমাধ্যমগুলো সোমবার এ কথা জানায়।
তবে এ সম্মেলন কোথায়, কখন অনুষ্ঠিত হবে তা জানা যায়নি।
এদিকে আব্বাসের এক রাজনৈতিক উপদেষ্টা আহমেদ আব্দেল--রহমান জানান, প্রস্তাবিত ত্রিমুখী সম্মেলনের ব্যাপারে প্রেসিডেন্ট এখনও অবগত নন। তবে তিনি বলেন, “ফিলিস্তিন--ইসরায়েল যেকোনো বৈঠকে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই।”
মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে সোমবার জেরুজালেমে ওলমার্টের সঙ্গে বৈঠক করেন রাইস।
বৈঠকে রাইস ফিলিস্তিনের হামাস সরকারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে ফাতাহ দলের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ওলমার্টের প্রতি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের চাপে ওলমার্ট গত ২৩ ডিসেম্বর আব্বাসের সঙ্গে প্রথমবার বৈঠক করেন।
দুই বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা রাইসের অষ্টম সফর। এবারের সফরে পশ্চিম তীরের বিভিন্ন সড়ক থেকে অবরোধ প্রত্যাহার এবং ফিলিস্তিনের প্রাপ্য অর্থ ছাড়ের বিষয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাইস--ওলমার্ট বৈঠকের ঠিক আগে ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, জেরুজালেমের উপকণ্ঠে বৃহত্তম ইহুদি বসতিতে ৪৪টি বাড়ি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে তেল আবিব।
পত্রিকাটি আরো জানায়, ফিলিস্তিনি সরকার যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সহিংসতা বন্ধ করে তবে ওলমার্ট বেশ কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে রাজি আছেন।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন একটি সীমানা ধরে সাময়িকভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
এর আগে রোববার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন রাইস।
বৈঠক শেষে রাইস জানান, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র আরো উদ্যোগী ভূমিকা রাখবে। এছাড়া অভ্যন্তরীণ বিরোধে মাহমুদ আব্বাসের প্রতি সমর্থনের কথাও প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তবে আব্বাস জানান, তারা সাময়িক নয়, বিরাজমান সব সমস্যার স্থায়ী সমাধান চান।
রামাল্লায় ফাতাহ নেতা মোহাম্মদ দাহলানের সঙ্গেও বৈঠক করেন রাইস। ওইদিনই তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গেও বৈঠকে বসেন।
মধ্যপ্রাচ্য সফরের প্রথমদিনে শনিবার জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠকে রাইস ফিলিস্তিনের সঙ্গে থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর তাগিদ দেন।
তিনি বলেন, “শান্তি প্রতিষ্ঠার জন্য ২০০৩ সালে যে ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হয়, আমি চাই তা যেন এগিয়ে যায়।”
এই সফরে কুয়েত, সৌদি আরব ও মিশরীয় নেতাদের সঙ্গেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। প্রেসিডেন্ট বুশ ইরাকে নতুন করে ২১ হাজার সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই রাইস মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন।
এর আগে বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য তিনি কোনো নতুন প্রস্তাব কিংবা পরিকল্পনা নিয়ে যাচ্ছেন না। বরং তার সফরের লক্ষ্য হচ্ছে থেমে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করা।
এছাড়া ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয় এবং তাতে আরব বিশ্ব কী ভূমিকা রাখতে পারে তা নিয়েও তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা করবেন বলে রাইস জানান।
