২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়ানের জ্বালানি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

অশোধিত তেলের ওপর নির্ভরতা কমানো, আঞ্চলিক তেলের মজুদ বাড়ানো এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে সোমবার একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন আসিয়ান নেতারা। তবে তা বাস্তবায়নের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছাড়াই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

প্রথাগত জ্বালানি হিসেবে তেলের ওপর নির্ভরতা কমিয়ে বেশি করে জৈব--জ্বালানি, জলবিদ্যুৎ এবং পরমাণু শক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে চুক্তিতে। তেলের মজুদ বাড়ানো এবং জ্বালানি খাতের সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অবকাঠামো নির্মাণের জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানোরও তাগিদ দেন নেতারা।

এবারের সম্মেলনের মধ্য দিয়ে এশিয়ায় একটি বড় মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক মজুদ বাড়ানোর ইস্যুতে ১০ সদস্যের আসিয়ানের সঙ্গে আরো ঘণিষ্ট সহযোগিতায় একমত হয়েছেন জোটের পর্যবেক্ষক দেশগুলোর নেতারা। চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আসিয়ানের পর্যবেক্ষক সদস্য।

আসিয়ান বাণিজ্য জোটের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে চীন, জাপান ও ভারতের মতো শক্তিশালী দেশগুলো আগের তুলনায় অনেক বেশি মাত্রায় সম্পৃক্ত হয়ে পড়ছে আসিয়ানের সঙ্গে। আঞ্চলিক বাণিজ্য ও রাজনীতিতে নিজের প্রভাব বাড়াতে চীন ও জাপান প্রত্যেকেই চাইছে জোটটিকে নিজের পক্ষে রাখতে।

আঞ্চলিক নিরাপত্তায় নিজের ভূমিকাকে আরো সক্রিয় করতে চায় জাপান। তাই আসিয়ানের প্রস্তাবিত ‘সাউথইস্ট এশিয়ান মেরিটাইম সিকিউরিটি’ গড়ে তুলতে একমত দেশটি।

অন্যদিকে, দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে টেলিযোগাযোগ ও পরিবহনের মতো সেবা খাতের ব্যবসায় বাধা দূর করতে রোববার আসিয়ানের সঙ্গে যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে চীন। বিশ্বের সবচেয়ে জনবহুল মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পথে এ চুক্তিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।