২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরবর্তী মহামারীর আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে ১ লাখ মালয়েশীয়

বন্যা পরবর্তী বিভিন্ন রোগ--ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্যা কবলিত দক্ষিণ মালয়েশিয়ার এক লাখেরও বেশি মানুষকে বিপদকালীন আশ্রয়কেন্দ্রে ভিড় জমিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 02:58 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ডেঙ্গু ও কলেরাসহ অন্যান্য রোগ--ব্যাধির প্রাদুর্ভাব ঘটতে পারে বলে সম্প্রতি দক্ষিণ মালয়েশিয়ার বন্যা উপদ্রুত এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেয় সরকার। এর পরপরই এসব অঞ্চলে বসবাসকারীরা দুর্যোগকালীন বা সঙ্কটকালীন আশ্রয়কেন্দ্রগুলোতে ভিড় জমান।

এদিকে সেরি মেডান শহরের বাসিন্দারা সেখানে ম্যালেরিয়া ও জন্ডিসের প্রাদুর্ভাবের খবর জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপপ্রধান রামলি রহমত এসব এলাকার বাসিন্দাদের ময়লা পানিতে চলাচল ও খেলাধূলা না করার জন্য সতর্ক করে দেন। এছাড়া, সব সময় পরিষ্কার--পরিচ্ছন্ন থাকতে অনুরোধ জানান তিনি।

মালয়েশিয়ায় ৪০ বছরের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত মাসে এ বন্যার কারণে যে ১৫ জন মারা যান তাদের দুজনের ‘লেপ্টোস্পিরোসিস’ নামে এক ধরনের পানিবাহিত পেটের পীড়া হয়েছিল।

তবে টাইফয়েড ও কলেরার মতো যেসব পানিবাহিত রোগ অতিদ্রুত সংক্রমিত হয় তা নিয়ে চিন্তিত মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে জানানো হয়, দুর্যোগ কবলিত এসব এলাকার বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়া স্বাস্থ্যকর্মীরা বন্যা উপদ্রুত এলাকায় টাইফয়েড প্রতিরোধে টিকা দান কর্মসূচির পাশাপাশি মশা নিধনে ব্যাপক উদ্যোগ নিতে যাচ্ছেন।

ভয়াবহ বন্যার পর মাঝে মাঝে এসব এলাকায় প্রবল ও ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে কর্মসংস্থানের অভাবে বেকার বসে থাকতে বাধ্য হচ্ছে লোকজন। পাশাপাশি দেখা দিয়েছে চরম খাদ্য সঙ্কট।

মালয়েশিয়ার সমাজকল্যাণ মন্ত্রী শাহরিজাত জালিল বলেন, “আমরা চরম খাদ্য সঙ্কটের মধ্যে রয়েছি। খাদ্য সরবরাহ যথেষ্ট নয়, তার ওপর কোন কোন এলাকায় ব্যাপক লুটতরাজের খবর পাওয়া যাচ্ছে।”