নেপালের পার্লামেন্টে যোগ দিচ্ছে মাওবাদীরা
নেপালে রাজতন্ত্রের অবসান এবং সরকারের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তির পর সোমবার পার্লামেন্টে যোগ দিচ্ছেন মাওবাদী গেরিলারা।
মাওবাদীদের সঙ্গে সরকারের চুক্তি অনুসারে বহু প্রতীক্ষিত অন্তর্বর্তী সংবিধান সংক্রান্ত বিলটিও সোমাবার পাস হতে যাচ্ছে নেপালি পার্লামেন্টে। এর আগে রোববার নেপালের সাত দলীয় জোটের মন্ত্রীপরিষদ ও মাওবাদীরা এর খসড়া অনুমোদন করে।
দেশটির মাওবাদী বিদ্রোহীরা সংবিধান সংক্রান্ত বিলটি অনুমোদনে আলোচনার উদ্দেশ্যে এই প্রথম সংসদে যাচ্ছে।
পার্লামেন্টের মোট ৩৩০টি আসনের মধ্যে ৮৩টি আসনে প্রতিনিধিত্ব করবেন মাওবাদীরা।
এ বিষয়ে মাওবাদীদের প্রবীণ নেতা খিম লাল দেবকোটা বলেন, “অধিকার আদায়ের জন্য দশ বছরের আন্দোলন ও যুদ্ধের কষ্টার্জিত ফল আজ আমরা পেতে যাচ্ছি।”
নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন যুগের সূচনায় এই সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
সংবিধান সংস্কার করায় গেরিলাদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণের মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থায় প্রথমবারের মতো প্রত্যক্ষ অংশগ্রহণের সব পথ খুলে গেল মাওবাদীদের জন্য।
অন্তর্বর্তী সংবিধানটি পাস এবং অন্তর্বর্তী আইনসভা ঘোষণার পর হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ ভেঙ্গে দেওয়া হবে বলে জানিয়েছেন নেপালি পার্লামেন্টের স্পিকার সুভাষ নেমওয়াং।
