২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস দিলেন রাইস

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা জোরদারের প্রতিশ্র“তি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে রোববার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে রাইস আগামী দিনগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আরো উদ্যোগী ভূমিকা রাখবে বলে জানান। এছাড়া অভ্যন্তরীণ বিরোধে মাহমুদ আব্বাসের প্রতি সমর্থনের কথাও প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সম্প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর আধুনিকায়নে সাড়ে আট কোটি ডলার অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

কন্ডোলিৎসা রাইস শান্তি প্রতিষ্ঠায় ২০০৩ সালে প্রণীত রোডম্যাপ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “এর মধ্য দিয়েই ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীন ভূমি প্রতিষ্ঠা করতে পারবে।” 

তিনি আরো বলেন, “সঙ্কট নিরসনে আলোচনায় আগ্রহের কথা মাহমুদ আব্বাস জানিয়েছেন।  ফিলিস্তিনে একটি ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠায়ও আন্তরিক তিনি। যদি তার সে প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানে তার দৃঢ় অবস্থানের কথাও তিনি প্রকাশ করেন।”

মাহমুদ আব্বাস বলেন, ‘সাময়িক সমাধানের বিপক্ষে আমাদের অবস্থানের কথা আমরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা চাই সীমান্তসহ সব সমস্যার স্থায়ী সমাধান।”

রামাল্লায় মাহমুদ আব্বাস ছাড়াও ফাতাহ নেতা মোহাম্মদ দাহলানের সঙ্গে বৈঠক করেন রাইস।

কন্ডোলিৎসা রাইস শনিবার তেল আবিব পৌঁছেন। একই দিন জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠকেও রাইস ফিলিস্তিনের সঙ্গে থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর তাগিদ দেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শান্তি প্রতিষ্ঠার জন্য ২০০৩ সালে যে ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হয়, আমি চাই তা যেন এগিয়ে যায়।”

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বলেন, “শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ফিলিস্তিনে একটি মধ্যপন্থী সরকার প্রতিষ্ঠা জরুরি।” দুই নেতা তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, বৈঠকে সাময়িক একটি সীমানা ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে উভয়ের আলোচনা হয়।  

সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে রাইসের বৈঠকের কথা রয়েছে। দুই বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা রাইসের অষ্টম সফর। এই সফরে তিনি জর্ডান, কুয়েত, সৌদি আরব ও মিশরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রেসিডেন্ট বুশ ইরাকে নতুন করে ২১ হাজার সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই রাইস মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন।

এর আগে বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য তিনি কোনো নতুন প্রস্তাব কিংবা পরিকল্পনা নিয়ে যাচ্ছেন না। বরং তার সফরের লক্ষ্য হচ্ছে থেমে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করা।

এছাড়া ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয় এবং তাতে আরব বিশ্ব কী ভূমিকা রাখতে পারে তা নিয়েও তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা করবেন বলে রাইস জানান।