২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামাল্লায় রাইস - আব্বাস বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস তার মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিন রোববার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। মাহমুদ আব্বাসের প্রতি সমর্থন প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর দুই নেতার একটি যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

স্বদেশে হামাস প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র সরাসরি মাহমুদ আব্বাসের প্রতি সমর্থন প্রকাশ করে। সম্প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর আধুনিকায়নে সাড়ে আট কোটি ডলার অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৈঠকের আগে ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মাহমুদ আব্বাস খুবই আগ্রহী। তবে অন্তর্বর্তীকালীন কোনো সীমানা নিয়ে সাময়িক ফিলিস্তিন রাষ্ট্রের বিপক্ষেই তাদের অবস্থান।

কন্ডোলিৎসা রাইস শনিবার তেল আবিব পৌঁছেন। একই দিন জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। রোববার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠকেও রাইস ফিলিস্তিনের সঙ্গে থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর তাগিদ দেন। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শান্তি প্রতিষ্ঠার জন্য ২০০৩ সালে যে ‘রোডম্যাপ’ প্রণয়ন করা হয়, আমি চাই তা যেন এগিয়ে যায়।”

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বলেন, “শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ফিলিস্তিনে একটি মধ্যপন্থী সরকার প্রতিষ্ঠা জরুরি।” দুই নেতা তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, বৈঠকে সাময়িক একটি সীমানা ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে উভয়ের আলোচনা হয়।  

সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে রাইসের বৈঠকের কথা রয়েছে। দুই বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা রাইসের অষ্টম সফর। এই সফরে তিনি জর্ডান, কুয়েত, সৌদি আরব ও মিশরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রেসিডেন্ট বুশ ইরাকে নতুন করে ২১ হাজার সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই রাইস মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন।

এর আগে বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য তিনি কোনো নতুন প্রস্তাব কিংবা পরিকল্পনা নিয়ে যাচ্ছেন না। বরং তার সফরের লক্ষ্য হচ্ছে থেমে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করা।

এছাড়া ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয় এবং তাতে আরব বিশ্ব কী ভূমিকা রাখতে পারে তা নিয়েও তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা করবেন বলে রাইস জানান।

এদিকে সৌদি আরব বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন ইরাক নীতির বিষয়ে তারা কন্ডোলিৎসা রাইসের কাছে ব্যাখ্যা চাইবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সল শনিবার রিয়াদে সংবাদ সম্মেলনে বলেন, “যুক্তরাষ্ট্রের নতুন ইরাক নীতির বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই, পররাষ্ট্রমন্ত্রী রাইসের সফরকালে আমরা তার কাছে ব্যাখ্যা পাব বলে আশা করি।”

তবে তিনি বলেন, “ইরাক স্বাধীন এবং এর পরিস্থিতি স্থিতিশীল হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এটা এখন স্পষ্ট যে এখনো তা অর্জিত হয়নি। তাই সেখানে কৌশলের পরিবর্তন প্রয়োজন।”