২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সফরে রাইস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস তার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার তেল আবিব পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 08:49 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

দুই বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে এটা রাইসের অষ্টম সফর। এই সফরে তিনি জর্ডান, কুয়েত, সৌদি আরব, ফিলিস্তিন, ইসরায়েল ও মিশরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের প্রথম দিনই তিনি জেরুজালেমে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। রোববার রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন রাইস। পরদিন বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে।

প্রেসিডেন্ট বুশ ইরাকে নতুন করে ২১ হাজার সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই রাইস মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন।

বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য তিনি কোনো নতুন প্রস্তাব কিংবা পরিকল্পনা নিয়ে যাচ্ছেন না। বরং তার সফরের লক্ষ্য হচ্ছে থেমে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করা।

এছাড়া ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয় এবং তাতে আরব বিশ্ব কী ভূমিকা রাখতে পারে তা নিয়েও তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা করবেন বলে রাইস জানান।

এদিকে সৌদি আরব বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন ইরাক নীতির বিষয়ে তারা কন্ডোলিৎসা রাইসের কাছে ব্যাখ্যা চাইবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সল রিয়াদে সংবাদ সম্মেলনে বলেন, “যুক্তরাষ্ট্রের নতুন ইরাক নীতির বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই, পররাষ্ট্রমন্ত্রী রাইসের সফরকালে আমরা তার কাছে ব্যাখ্যা পাব বলে আশা করি।”

তবে তিনি বলেন, “ইরাক স্বাধীন এবং এর পরিস্থিতি স্থিতিশীল হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এটা এখন স্পষ্ট যে এখনো তা অর্জিত হয়নি। তাই সেখানে কৌশলের পরিবর্তন প্রয়োজন।”