শান্তি আলোচনার জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে পাকিস্তানে
বহু প্রতিক্ষিত পাকিস্তান সফর শুরু করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। শনিবার ইসলামাবাদে পৌঁছেন তিনি। পাকিস্তানে পা রেখেই প্রণব মুখার্জি সাংবাদিকদের বলেন, “শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দিল্লি ও ইসলামাবাদ উভয়ের সক্রিয় তৎপরতায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।”
সফরকালে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো জানান, এ বছরই মনমোহন সিং পাস্তিান সফরে আসতে পারেন।
প্রণব মুখার্জির এ সফর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়াকে অনেকদূর এগিয়ে নেবে বলে আশা করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ।
জেনারেল মোশাররফ মনে করেন, বর্তমানে উভয় দেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আর এর মধ্য দিয়েই সম্ভব বিদ্যমান সমস্যাগুলোর অবসানের পথ খুঁজে নেওয়া। বিশেষত কাশ্মির বিষয়ে।
শুক্রবার বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি খুব শিগগিরই আশাব্যঞ্জক ফলাফল আমরা দেখতে পাব। নেতৃত্বের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে সমস্যা সমাধান কোনো জটিল বিষয় নয়।”
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেও এরই প্রতিধ্বনি শোনা গেছে।
