সমালোচকদের সমালোচনায় মুখর বুশ
ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা থেকে পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ। পাশাপাশি সমালোচকদেরও একহাত নিয়েছেন তিনি।
শনিবার সাপ্তাহিক বেতার ভাষণে প্রেসিডেন্ট বুশ অভিযোগ করেন, “অনেকেই আজ সমালোচনায় মুখর হচ্ছেন, কিন্তু এরাই প্রয়োজনের মুহূর্তে কোনো প্রস্তাব হাজির করতে পারেননি। ”
তিনি বলেন, “আমি জানি অনেক কংগ্রেস সদস্যও সমালোচনা করছেন। সে অধিকার তাদের রয়েছে। কিন্তু অনেকেরই তো সুযোগ ছিল ইরাক নিয়ে বিকল্প কোনো প্রস্তাবনা হাজির করার। কই, সেরকম কোনো তৎপরতা তো চোখে পড়েনি।”
বিরোধিতার খাতিরে এ ধরনের বিরোধিতা এক ধরনের দায়িত্বহীনতা বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট বুশ।
ডেমক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস তার সিদ্ধান্তের বিপক্ষে থাকবে এটা আঁচ করে বুশ আগেভাগেই বলেন, “আমি নিশ্চিত ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্তে বাধা আসবে, কিন্তু আমি তার পরোয়া করি না। আমার সিদ্ধান্ত নিয়ে আমি এগিয়ে যাবই।”
