ফিলিস্তিন প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ সহিংসতা বন্ধের আহ্বান
ফিলিস্তিন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া অভ্যন্তরীণ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। দেশটিতে ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার তিনি এই আহ্বান জানান।
টেলিভিশনে সরাসরি প্রচারিত ভাষণে তিনি বলেন, “ফিলিস্তিন জনগণ ও পক্ষগুলোকে, বিশেষ করে হামাস ও ফাতাহর প্রতি আমি অভ্যন্তরীণ সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছি।”
“আমাদের অবশ্যই জাতীয় ঐক্য বজায় রাখতে হবে এবং একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করতে হবে।।”
হানিয়া এমন এক সময় এই আহ্বান জানালেন যার কয়েক দিন আগে বিবদমান দুই পক্ষ হামাস ও ফাতাহর সমর্থকরা নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে বড় ধরনের সমাবেশ করে।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসের নির্বাচনে ফাতাহকে হারিয়ে ইসলামি গোষ্ঠী হামাস দেশটির সরকার গঠন করে।
তবে এরপর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মাঝে হামাস দেশটির ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল বুধবার জানান, বিবদমান দুই পক্ষ ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করেছে।
তিনি বলেন, হামাস হানিয়াকেই প্রধানমন্ত্রী হিসেবে চায়। তবে এর আগে দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে হানিয়া তার পদ থেকে সরে যেতে রাজি হয়েছিলেন।
এদিকে ফাতাহর এক কর্মকর্তা জানান, “কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চিন্তিত নন। তিনি চান দুই পক্ষের আলোচনার মাধ্যমে এমন এক সরকার প্রতিষ্ঠিত হোক যা গঠনের পর ফিলিস্তিনিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাবে।”
